বাংলাদেশে ঢুকে বাড়িঘরে হামলা ও ভাঙচুর করলো বিএসএফ

নজর২৪ ডেস্ক- লালমনিরহাটের হাতীবান্ধার সিঙ্গিমারী সীমান্ত পেরিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশিদের বসতঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে।

 

সিঙ্গিমারী সীমান্তের পকেট এলাকায় সোমবার (১৩ ডিসেম্বর) রাতে সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

 

হামলা-ভাঙচুরের সময় রাবার বুলেট ছোড়া হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা জানান, আতঙ্কে পালানোর সময় স্থানীয় দুই নারী আহত হয়েছেন।

 

স্থানীয়দের বরাতে বিজিবি জানায়, ৪৭ বিএসএফের ফুলবাড়ী ক্যাম্পের একটি টহল দল উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পকেট এলাকা দিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। এর পর তারা ওই এলাকার নুরল হকের ছেলে আয়নাল হকের বাড়িতে হামলা চালায়। বাড়ির গেট ও ঘরের বেড়া ভাঙচুর করে। রাবার বুলেট ছোড়ার ঘটনাও ঘটে।

 

এ সময় পালাতে গিয়ে আয়নালের মা মনোয়ারা বেগম ও শাশুড়ি আনো বেগম আহত হন।

 

স্থানীয়দের দাবি, বিএসএফের সদস্যরা মাতাল ছিলেন।

 

নুরুল হক বলেন, ‘আমরা নির্বাচনের কাজে বাইরে ছিলাম। হঠাৎ করে বিএসএফ এসে আমার বাড়ির গেটে ও বাড়ির আশপাশে হামলা চালায়। সে সময় কোন কিছু বুঝে উঠতে না পেরে আমার স্ত্রী ও ছেলের শাশুড়ি দৌড়ে পালাতে গিয়ে আহত হয়।

 

ঘটনাস্থল পরিদর্শন করেছে বিজিবির সিঙ্গিমারী ক্যাম্পের টহল দল।

 

৬১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সিঙ্গীমারী ক্যাম্পের নায়েক সুবেদার মফিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার বিএসএফকে লিখিত প্রতিবাদ জানিয়েছি।

 

৬১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর হাসান মো. শাহরিয়ার মাহমুদ জানান, এ বিষয়ে বুধবার সকালে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *