বিনোদন ডেস্ক- অনেকদিন ধরেই ভার্টিগো রোগে ভুগছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) গাড়িতেই মাথা ঘুরে পড়ে যান এই নায়িকা। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার্জ গঠনের শুনানিতে হাজির হতে মঙ্গলবার আদালতে গিয়েছিলেন পরীমনি। কিন্তু গাড়িতেই মাথা ঘুরে পরে যাওয়ায় বাসায় ফিরে যান।
এই অভিনেত্রীর সহযোগী আশরাফুল ইসলাম দিপু তথ্যটি জানিয়েছেন। তিনি বলেন, ‘পরীমনি কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসকের পরামর্শও নিয়েছেন। আজ হঠাৎ গাড়িতে মাথা ঘুরে পরে যান।’
এদিকে পরীমনির অসুস্থতার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার্জ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২ জনুয়ারি ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম সময় আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ঠিক করেন।
পরীমনির অসুস্থতা সম্পর্কে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, ‘পরীমনি আদালতের উদ্দেশে রওনা হয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই তার ভার্টিগো রোগটি বৃদ্ধি পায়। তিনি গাড়ির মধ্যেই মাথা ঘুরে পড়ে যান। তাই তাকে আবার বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাই আমরা চার্জ শুনানি পেছানোর আবেদন করেছি। শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২ জানুয়ারি চার্জ শুনানির নতুন তারিখ ধার্য করেন।’
এর আগে ১৫ নভেম্বর নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। একইসঙ্গে মামলাটি বিশেষ জজ আদালত ১০-এ বদলি করা হয়েছে। পরবর্তী চার্জ গঠনের জন্য ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।
তার আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত পরীমনির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ চিত্রনায়িকা।
গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাব। পরদিন ৫ আগস্ট বিকেলে পরীমনি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে বনানী থানায় নিয়ে যাওয়া হয়।
এরপর র্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। সেই মামলায় পরীমনিকে আদালতে হাজির করা হলে প্রথমে চারদিনের রিমান্ড ও পরে আরও দুই দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়।
