টাঙ্গাইলের ভূঞাপুরে আ.লীগের ১৮ নেতাকে বহিষ্কার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ছয় ইউনিয়নে পাঁচ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ ১৮ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

 

রোববার (১২ ডিসেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে ওই ১৮ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা স্বাক্ষরিত চিঠি বহিষ্কৃত নেতাকর্মীদের পাঠিয়ে দেওয়া হয়।

 

বহিষ্কার চিঠিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ‌‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে চেয়ারম্যান হিসেবে অংশগ্রহণ করা ও বিভিন্ন পদে থাকা নেতাকর্মীরা ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করায় দল থেকে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে বহিষ্কৃতদের দলের সব পরিচয় প্রদান থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

 

বহিষ্কৃতরা হলেন- অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আইয়ুব আলী মোল্লা, সহ-সভাপতি মো. আব্দুর রহমান, গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ, গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনারস প্রতীকের প্রার্থী শাহ আলম আকন্দ শাপলা, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ও ছানোয়ার হোসেন তালুকদার ফিরোজ, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আনারস প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম (আমিন), ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম, মো. আমিন মণ্ডল ও জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারস প্রতীকের প্রার্থী মাসুদুল হক মাসুদ, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান পাভেল ও জুরান আলী মণ্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. মোন্নাফ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম তালুকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ফজল হক ও কার্যকরী কমিটির সদস্য মো. রফিকুল।

 

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার করা হয়েছে। তবে কেন্দ্রীয়ভাবে যদি নির্বাচনের পর বহিষ্কৃতদের আবার দলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়, তখন সেটার বাস্তবায়ন করা হবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *