বিনোদন ডেস্ক- ক্রিকেট পিচের অলরাউন্ডার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা তেন্ডুলকরকে নিয়ে সরগরম নেট দুনিয়া। শচীনকন্যা এবার ধীরে ধীরে গ্ল্যামার দুনিয়াতে পা রাখছেন। তার শুরুটা হচ্ছে মডেলিং দিয়ে। জনপ্রিয় একটি পোশাকের ব্র্যান্ডের প্রচারের মুখ হলেন সারা তেন্ডুলকার।
শচীন কন্যার জনপ্রিয়তা বাবার তুলনায় কোনও অংশেই কিছু কম নয়। তিনি সুন্দরী, স্টাইল স্টেটমেন্ট, ফ্যাশন নিয়ে তার বেশ জ্ঞান রয়েছে। সোশ্যাল মিডিয়াতে তার অনুরাগীর সংখ্যাটা নজর কাড়বে। তাই বড় বড় বিজ্ঞাপনী সংস্থা তাকেই নিজেদের সংস্থার প্রচারের মুখ বানাতে চায়। এই প্রথম ইনস্টাগ্রামে প্রচারমূলক মডেলিং ভিডিও শেয়ার করলেন সারা তেন্ডুলকার।
তবে এই ভিডিওতে সারা একা নন, তার সঙ্গে পা মিলিয়ে মডেলিং করলেন আরও দুই পেশাদার মডেল, বনিতা সান্ধু এবং তানিয়া শ্রফ। সারা এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করতেই হুহু করে ভাইরাল হলো ভিডিওটি। ক্যারিয়ারে নতুন কিছু শুরুর করার পথে নেটিজেনরা স্বাগত জানালেন সচিনকন্যাকে।
সারা তেন্ডুলকার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় চোখ ধাঁধানো লুকে হাজির হন। তার সৌন্দর্যমুগ্ধ ইনস্টাগ্রাম। সঙ্গে তার ফ্যাশন সেন্স নিয়েও চর্চা কিছু কম হয় না অনুরাগীমহলে।
১৯৯৫ সালের ২৪ মে অঞ্জলি মেহতাকে বিয়ে করেন শচীন টেন্ডুলকার। তাদের সংসারে দুই ছেলেমেয়ে সারা ও অর্জুন। বাবার মতো অর্জুনও হাতে তুলে নিয়েছেন ক্রিকেট ব্যাট।
সারা লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জন করেছেন। বর্তমানে মুম্বাইতে পরিবারের সঙ্গে থাকেন তিনি। ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে তার প্রেমের গুঞ্জন রয়েছে।
