Home রাজধানী ডা. মুরাদের বাসা থেকে নামানো হলো জাতীয় পতাকা

ডা. মুরাদের বাসা থেকে নামানো হলো জাতীয় পতাকা

0
113

নজর২৪ ডেস্ক- প্রধানমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে পদত্যাগপত্র জমা দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। বিকেল ৩টায় পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদ সচিবের দফতরে জমা দেন তথ্য প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।

 

এর আগে দুপুরে পদত্যাগ পত্রটি মন্ত্রণালয়ের সচিবের দফতরে পাঠানো হয়। ই-মেইলে তিনি (ডা. মুরাদ হাসান) এ পদত্যাগপত্র পাঠিয়েছিলেন।

 

এদিকে পদত্যাগপত্র জমা দেওয়ার পর ডা. মুরাদ হাসানের ধানমন্ডি বাসার সামনে থেকে জাতীয় পতাকা নামিয়ে ফেলা হয়েছে। মঙ্গলবার দুপুরে পতাকা নামিয়ে ফেলেন পুলিশ সদস্যরা।

 

ধানমন্ডি ১৫ নম্বর সড়কের ব্যক্তিগত বাসার সামনে থাকা স্ট্যান্ড থেকে পতাকা নামানোর বিষয়টি নিশ্চিত করেছেন ওই বাড়ির নিরাপত্তাকর্মী সুমন।

 

তিনি বলেন, ‘স্যারের গানম্যান এসে বাসায় থাকা পুলিশকে পতাকা নামাতে বলেন। ১২টার সময় পতাকা নামানো হইছে।’

 

পতাকা নামিয়ে ফেলা হলেও বাসার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সড়ানো হয়নি বলে জানান সুমন। বিকেল ৩টার দিকে সুমন বলেন, ‘পুলিশ যায়নি। উনারা আছেন।’

 

নারীর প্রতি অবমাননাকর বক্তব্য ও ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী বরাবর মঙ্গলবার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান মুরাদ।

 

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘গত ১৯ মে ২০২১ (প্রকৃতপক্ষে ২০১৯) আমাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। আমি অদ্য ০৭.১২.২০২১ তারিখ হতে প্রতিমন্ত্রীর দায়িত্ব হতে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করতে ইচ্ছুক।…আমাকে দায়িত্ব হতে অব্যাহতি প্রদানের লক্ষ্যে পদত্যাগ পত্রটি গ্রহণে আপনার একান্ত মর্জি কামনা করছি।’

 

প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর কোথাও পাওয়া যাচ্ছে না মুরাদ হাসানকে। গণমাধ্যম জানতে পেরেছে ধানমন্ডির বাসা থেকে তিনি সোমবার বেলা ১১টার দিকে বের হন। ২৪ ঘণ্টা কেটে গেলেও ফেরেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here