নৌকাকে হারিয়ে চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের ঋতু

নজর২৪ ডেস্ক- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান হয়েছেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু।

 

রোববার উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বড় ব্যবধানে জয়ী হয়েছেন নজরুল ইসলাম ঋতু। তার প্রতীক ছিল আনারস।

 

এ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন নজরুল ইসলাম ছানা ও হাতপাখা প্রতীকের মাহবুবুর রহমান।

 

নির্বাচনে আনারস প্রতিকে নজরুল ইসলাম ঋতু ৯ হাজার ৫৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের নজরুল ইসলাম ছানা পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন, সরকারিভাবে তারা এখনও ফল হাতে পাননি। পেলে ঘোষণা করবেন।

 

নজরুল ইসলাম ঋতু বলেন, ‘এ জয় আমার একার না। আমার ত্রিলোচনপুর ইউনিয়নবাসীর। আমি ইউনিয়নের প্রত্যেক মানুষের কাছে ঋণী। যারা আমাকে নির্বাচিত করেছেন, তাদের সেবা করে আমি ঋণ শোধ করব।’

 

ইউনিয়নের দাদপুর গ্রামের ভ্যানচালক আসাদ হোসেন বলেন, ‘নজরুলের তো কোনো পিছটান নেই। সে আমাগের আগেও উপকার করেছে, তাই আমরা তাকে ভোট দিছি। আগেও দেখিছি মানুষ বিপদে পড়লি রাত-বিরাত নেই সে চলে গেছে, যা পারেছে সাহায্য করেছে।

 

‘এখন চেয়ারম্যান হলো, আমরা আশা করছি, সে আরও ভালোমতো আমাগের সেবা করতি পারবে।’

উল্লেখ্য, বিজয়ী চেয়ারম্যান ঋতু উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান। তার আরও তিন ভাই ও তিন বোন রয়েছে। তিন ভাই ঢাকাতে থাকেন এবং বোনদের বিয়ে হয়ে গেছে।

 

জন্মের পর তৃতীয় লিঙ্গ প্রকাশ পাওয়ায় ৭ বছর বয়সে তাকে গ্রাম ছেড়ে ঢাকা চলে যেতে হয়। সামান্য লেখাপড়া করলেও সামাজিক নানা প্রতিবন্ধকতায় প্রাথমিকের গণ্ডি পেরোনো হয়নি। ছোটবেলা থেকেই ঢাকার ডেমরা থানায় তার দলের গুরুমার কাছেই বেড়ে উঠা। এখন তার বয়স ৪৩ বছর।

 

ঢাকায় থাকলেও পরিবারের টানে প্রায়ই বাড়িতে আসেন। তার কষ্টার্জিত জমানো অর্থ দিয়ে বিগত প্রায় ১৫ বছর ধরে জন্মস্থান দাদপুর গ্রামসহ ইউনিয়নবাসীর উন্নয়নে আর্থিক সহযোগিতা করছেন। এ পর্যন্ত তার এলাকায় দুইটি মসজিদ করেছেন। এছাড়া বিভিন্ন মন্দিরের উন্নয়নে দান করেছেন অর্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *