Home জাতীয় আজকের নির্বাচন মডেল হতে পারে: ইসি

আজকের নির্বাচন মডেল হতে পারে: ইসি

0
141

নজর২৪, ঢাকা- তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সহিংসতাহীন নির্বাচনের মডেল হতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

 

রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এসময় ইসির অতিরিক্ত সচিব, এনআইডি মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ইসি সচিব বলেন, ‘গণমাধ্যম, মাঠপর্যায়ে আমাদের নিজস্ব কর্মকর্তা ও বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি যে, সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। প্রিজাইডিং অফিসারদের নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ৯ হাজার ৮৭৩টি ভোট কেন্দ্রের মধ্যে ২১টি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে। যদি আমরা পার্সেন্টেজ করি, তাহলে আমাদের শূন্য দশমিক ২১ পার্সেন্ট ভোট কেন্দ্র বন্ধ হয়েছে।’

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। আমাদের কাছে যে তথ্য আছে, তাতে ২৪ জন আহত হয়েছেন। কেউ নিহত হননি।’

 

অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত ধাপে আমরা দেখেছি, কিছু প্রাণহানি ঘটেছে। যদিও এগুলো কেন্দ্রের বাইরে ঘটেছে। আজকে একটি জীবনও হারাতে হয়নি। আমরা মনে করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো কাজ করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভালো কাজ করেছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ভালো কাজ করেছেন। প্রার্থী এবং তাদের ফলোয়াররা কিছুটা হলেও সহনশীল ছিলেন। আমি তো মনে করি, আজকে যে নির্বাচন হয়েছে, এটা মডেল হতে পারে।’

 

লক্ষীপুরে এসএ টিভির সাংবাদিক আহত হওয়া প্রসঙ্গে হুমায়ুন কবির খোন্দকার বলেন, এ বিষয়ে অবগত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি। তারা ক্যামেরা উদ্ধার এবং মামলার প্রস্তুতি নিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here