বিনোদন ডেস্ক- বলিউডজুড়ে যেন বিয়ের মৌসুম। কয়েক দিন আগেই বিয়ে করেন রাজকুমার রাও-পত্রলেখা।
ক্যাটরিনা-ভিকির বিয়ের খবরে সরগরম ইন্ডাস্ট্রি। শোনা যাচ্ছে, ডিসেম্বরে প্রথম সপ্তাহেই বিয়ে সারবেন এ তারকা জুটি। আর রণবীর-আলিয়ার গাঁটছড়া বাঁধার গুঞ্জন এখনও চলছে।
এবার শোনা যাচ্ছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোনাক্ষী সিনহা। পুরোনো প্রেমিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে রাজি হয়েছেন দাবাং অভিনেত্রী।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, তার বয়ফ্রেন্ড সেলিব্রেটি ম্যানেজার বান্টি সাজদেহকে বিয়ে করতে মত দিয়েছেন অভিনেত্রী।
দীর্ঘদিন ধরে বান্টির সঙ্গে সম্পর্ক সোনাক্ষীর। নিজেদের মুখে সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই, তবে বলিউডের বিভিন্ন পার্টিতে একসঙ্গে হাজির হন তারা।
খবরে বলা হয়েছে, সোনাক্ষীর পরিবারও মেয়ের জন্য আদর্শ পাত্র হিসেবে বান্টিকে বেশ পছন্দ করে।
বান্টি সালমান খানের ঘনিষ্ঠ আত্মীয়। খান পরিবারের সূত্রেই সোনাক্ষীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। সালমানের ছোট ভাই সোহেল খানের স্ত্রী সীমা খানের ভাই বান্টি।
একই সঙ্গে বিরাট কোহলি ও যুবরাজ সিংয়ের বন্ধুও বান্টি। প্রায়ই একসঙ্গে পার্টি করতে দেখা যায় তাদের।
সোনাক্ষী আর বান্টিকে একাধিক পার্টিতে একসঙ্গে দেখা গেছে। সোনাক্ষী এক সাক্ষাৎকারে বান্টি সম্পর্কে বলেছিলেন, ‘বান্টি স্বনির্মিত মানুষ। আর এখন অবিবাহিত জীবন উপভোগ করতে চায় ও।’ তবে এই বলিউড নায়িকা স্কুলজীবনে এক ছেলের প্রেমে পাগল ছিলেন। এক সাক্ষাৎকারে তিনি নিজেই এ কথা ফাঁস করেছিলেন।
পরে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন সোনাক্ষী। আর এ ব্যাপারে নিজেকে ভাগ্যবতী মনে করেন তিনি। যৌবনেও সোনাক্ষী একবার গভীর প্রেমে পড়েছিলেন। কিন্তু সে সম্পর্কও টেকেনি।
পরে বিভিন্ন সময় তাঁর সঙ্গে অর্জুন কাপুর, শহীদ কাপুর, জাহির ইকবাল, আদিত্য শ্রফের সম্পর্কের কথা উঠে এসেছিল। এখন দেখার অপেক্ষা, ৩৪ বছর বয়সী সোনাক্ষীর বিয়ের সানাই কবে বাজে।
