বিনোদন ডেস্ক- তুমুল বিতর্ক মাথায় নিয়েই গত ২৬ আগস্ট পুত্র ঈশানকে জন্ম দেন অভিনেত্রী নুসরাত জাহান। এরপর পুত্রের পিতৃপরিচয় নিয়ে শুরু হয় নতুন আলোচনা।
ঈশানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত— এ খবর প্রকাশ্যে আসার পর আলোচনায় কিছুটা ভাটা পড়ে। কিন্তু তারপর এ জুটির বিয়ে নিয়ে শুরু হয় নয়া অধ্যায়। কিছুদিন আগে যশের জন্মদিনে তাকে স্বামী হিসেবে স্বীকৃতি দেন তৃণমূল সাংসদ নুসরাত।
সবকিছু পেছনে ফেলে কাজে সরব হয়েছেন নুসরাত-যশ। দুজনে মিলেই ছেলেকে বড় করছেন। এরই ফাঁকে কয়েক দিন ধরে একটা গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
সেটা হলো, নুসরাত ও যশের সম্পর্কে ভাঙনের সুর বাজছে। অবশ্য গুঞ্জনের সূত্রপাত হয়েছে তাদেরই ইনস্টাগ্রাম পোস্ট থেকে। দু’জন আলাদাভাবে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছিলেন।
দু’দিন চুপ থাকার পর এবার গুঞ্জনের জবাব দিলেন নুসরাত। তবে সরাসরি কিছু বললেন না। আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিলেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে নাচছেন যশ ও মিমি চক্রবর্তী। ওই ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘উইকেন্ডিং… #ড্যাডি #মাসি।’
নুসরাতের ক্যাপশনে বোঝাই যাচ্ছে, তিনি ছেলে ঈশানকে নিয়ে অবসর কাটাচ্ছেন আর টেলিভিশনে যশ ও বান্ধবী মিমির নাচের ভিডিও দেখছেন। আর যশকে ট্যাগ করার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, কিছুটা অভিমান হয়ত হয়েছে। কিন্তু একসঙ্গেই তারা আছেন।
গত শুক্রবার (২৬ নভেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লেখা পোস্ট করেন নুসরাত। সেখানে লেখা ছিল, ‘যে ঘরে শান্তি নেই, সেই ঘর দুনিয়ার সবচেয়ে খারাপ জেলখানা! আর সবচেয়ে ভাল জেলখানা সেটাই, যেখানে ভালবাসা আছে। কেউ সেই ঘর ছাড়তে চায় না।’
নুসরাতের ওই স্ট্যাটাসের পাল্টা স্টোরি দেন যশ। তিনি লেখেন, ‘কেন জেলখানায় বন্দি হয়ে আছো? দরজা তো খোলাই আছে!’
এরপরই গুঞ্জনের ডালপালা গজায়। যশরাতের মধ্যকার সম্পর্কের অবনতি হয়েছে বলে কানাঘুষা শুরু হয়। তবে সেসব গুঞ্জনের ইতি টেনে দিলেন নুসরাত।
