বিনোদন ডেস্ক- টালিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত জাহান। তিনি একাধারে সংসদ সদস্যও। আগের স্বামীকে ছেড়ে যশকে বিয়ে করে গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন। পরে সন্তান জন্ম দিয়ে স্বামীর নাম নিয়েও আলোচনায় থেকেছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের খোঁজ-খবর রাখছেন ভক্তরা।
যশ-নুসরাতের ছেলে ঈশানের বয়স এখন মাত্র চার মাস। খোশ মেজাজেই বাবা-মায়ের সঙ্গে সময় কাটাচ্ছে সে। তার প্রমাণ নুসরাতের ইনস্টাগ্রাম স্টোরি। যেখানে দেখা গেছে মায়ের সঙ্গে ঘুরতে বেড়িয়েছে ছোট্ট ঈশান। আনন্দে দুলছে তার ছোট্ট দুটি পা। তবে নুসরাতের অন্য একটি স্টোরি দেখে নেটিজেনদের চোখ আটকে গেছে। যেখানে নুসরাত ঘর ও শান্তির কথা বলছেন। কী লিখেছিলেন নুসরাত সেই স্টোরিতে।
নুসরাত জাহান তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লেখা পোস্ট করেছেন। সেখানে লেখা, ‘যে ঘরে শান্তি নেই তা কারাগারের সমান। আর সেরা কারাগার হল সেই ঘর, যেটা ভালবাসা দিয়ে তৈরি। যা কিনা কেউ ছেড়ে যেতে চায় না!’
নুসরাতের এমন ইঙ্গিতপূর্ণ বার্তার পর গুঞ্জন শুরু হয় টালিউড পাড়ায়। এর মধ্যেই আগুনে ঘি ঢালেন যশ। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, ‘কেন খাঁচায় বন্দি আছো? খাঁচার দরজা তো খোলাই রয়েছে।’
যশ ও নুসরাতের দুটি পোস্টের সমীকরণ খুব সোজা। তাদের সম্পর্কে কলহ কিংবা তিক্ততা এসেছে, বোঝাই যাচ্ছে। নেটিজেনরা বলাবলি করছেন, চিড় ধরেছে দুই তারকার মধুর ভালোবাসায়।
এর আগে প্রাক্তন স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে তখন তুমুল টানাপড়েন। সঙ্গী দেদার বিতর্ক। তার ক’দিন পরে, ২৬ অগস্ট সন্তানের জন্ম দেন নুসরাত। পাশে ছিলেন যশ। তার পরে ১০ অক্টোবর যশের জন্মদিনের কেকের উপরে লেখা ‘হাসবেন্ড’। ইনস্টাগ্রামকে সাক্ষী রেখে সে দিন থেকেই ‘স্বামী-স্ত্রী’ হয়ে ওঠেন যশরত-জুটি।
এর পরে কখনও বরফে মোড়া কাশ্মীরে প্রেমের উষ্ণতা, কখনও বা দীপাবলিতে দুই ছেলে রিয়াংশ ও সদ্যোজাত ঈশানকে নিয়ে ‘সপরিবার’ উদযাপন— দু’জনের ইনস্টাগ্রাম পোস্ট বরাবরই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে থেকেছে।
নুসরাত-নিখিল জৈনের বিচ্ছেদে যে দিন শিলমোহর দেয় আদালত, সে দিনও ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন যশ। তাতে তাঁর বক্তব্য ছিল, ‘আমার ষষ্ঠ ইন্দ্রিয়কে দুর্বল ভেব না। তুমি কোন পথে হাঁটবে, আমি আগাম তা আন্দাজ করতে পারি।’ সে দিনও যশের এই স্টোরি ছিল গরমাগরম চর্চার কেন্দ্রে। টলিপাড়া সে দিনও মেতেছিল ‘যশরত’-এর সম্পর্ক নিয়ে।
তবে ব্যক্তিগত সম্পর্কে যা-ই ঘটে থাকুক, কাজের দুনিয়ায় জুটিতে ফিরতে চলেছেন খুব শিগগিরিই। শিলাদিত্য মৌলিকের ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’ ছবিতে দেখা যাবে তাঁদের। ছবির একটি গান ইতিমধ্যেই ক্যামেরাবন্দি হয়েছে কাশ্মীরে। দীপাবলিতেও দুই ছেলেকে নিয়ে অনুরাগীদের দেখা দিয়েছিলেন ‘স্বামী-স্ত্রী’। সেই ইনস্টাগ্রাম স্টোরিতেই।
