বিনোদন ডেস্ক- তামিল, তেলেগু ও মালায়লাম সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। বলা হয়ে থাকে, তিনিই দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। সুতরাং তার জনপ্রিয়তা কতখানি, তা বাড়িয়ে বলা নিষ্প্রয়োজন।
ব্যক্তিগত জীবনে পরিচালক বিগনেশ শিবানের সঙ্গে অনেকদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন তিনি। এরই মধ্যে বিয়ের পরিকল্পনাও করেছেন এই যুগল। সাতপাকে বাঁধাপড়ার আগেই নতুন একটি বাড়ি কিনলেন নয়নতারা।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের চেন্নাইয়ের অভিজাত এলাকা পোয়েস গার্ডেনে নতুন একটি বাড়ি কিনেছেন নয়নতারা। এখানেই বসবাস করেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা রজনীকান্ত, তার মেয়ের জামাই অভিনেতা ধানুশ। এই পোয়েস গার্ডেনে একটি অ্যাপার্টমেন্টের দুটি ফ্ল্যাট নয়নতারা কিনেছেন বলে জানা গেছে। খুব শিগগির বিশেষ একটি দিনে নতুন বাড়িতে উঠবেন নয়নতারা। তবে ফ্ল্যাট দুটো কিনতে কত টাকা ব্যয় হয়েছে তা জানা যায়নি।
২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। তার পর থেকে চুটিয়ে প্রেম করছেন এই যুগল। দীর্ঘ দিনের সেই সম্পর্ক পরিণয় পেতে যাচ্ছে। যদিও কবে নাগাদ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তা এখনো ঘোষণা করেননি তারা। বর্তমানে নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত নয়নতারা-বিগনেশ।
