মিডিয়ার এই মানুষগুলো পশুপাখির চেয়েও খারাপ: শিপন

বিনোদন ডেস্ক- মডেলিং দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন শিপন মিত্র। পরে সিনেমায় নাম লেখান। প্রথম সিনেমা ‘দেশা দ্য লিডার’-এ অভিনয় করেই খ্যাতি পেয়েছিলেন শিপন মিত্র। চারটি শাখার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় ‘দেশা দ্য লিডার’। এর পরই বেশ কিছু সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি।

 

বর্তমানে তার ৬টি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সামনে অভিনয় করতে যাচ্ছেন আরও দুটি সিনেমায়। পাশাপাশি একাধিক নাটকের শুটিং নিয়েও ব্যস্ত। সম্প্রতি ক্যারিয়ার, মান-অভিমান ও ব্যক্তিগত বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন এক জাতীয় দৈনিকের সঙ্গে। সাক্ষাৎকারটি তুলে ধরা হলো-

 

নতুন একটি সিনেমার শুটিং করতে যাচ্ছেন শুনলাম?

হ্যাঁ, একটি সিনেমার ব্যাপারে সব কথা চূড়ান্ত হয়েছে। কিন্তু এখনই কিছু বলতে চাচ্ছি না। সাইনিং করে শুটিং করব, তারপর বলব। কারণ এর আগে সাইনিং করেও সিনেমা থেকে বাদ যেতে হয়েছে। আমি সাইনিংয়ে বিশ্বাসী নই।

 

সাইনিং থেকে বাদ যাওয়াটা…

ভাই, এটা খুবই কষ্টের। কারণ, একটি সিনেমার সঙ্গে অনেক দিন থাকার পর বাদ গেলে মানসিকভাবে মেনে নেওয়া যায় না। পেশাদারি জায়গায় যাঁরা এই কাজ করেন, তাঁরা মানুষের পর্যায়ে পড়েন না। তাঁরা নৈতিকতা বিবর্জিত মানুষ। মিডিয়ার এই মানুষগুলো অমানুষের পর্যায়ে পড়েন। তাঁরা পশুপাখির চেয়েও খারাপ। কারণ, পশুপাখি কারও ক্ষতি করে না। এখন সাইনিং থেকে বাদ দেওয়াটা বাংলাদেশে অহরহ ঘটছে। বাদ গেলে নিজেকে একটাই সান্ত্বনা দিই, এটা আমার রিজিকে ছিল না। সামনে ভালো কিছু অপেক্ষা করছে।

 

আপনি ফিল্মের হিরো। এখন ছোট পর্দায়ও নিয়মিত কাজ করছেন, নাটকে কাজ করবেন কখনো চেয়েছিলেন?

না। কিন্তু করোনার মধ্যে সিনেমার শুটিং একদম শুরু হচ্ছিল না। তখন মনে হচ্ছিল কাজে থাকাটা জরুরি। তখন নাটকে শুটিং শুরু করি। এখন আবার অনেক সিনেমার প্রস্তাব আসা শুরু হয়েছে। হল খুলছে। ‘বসন্ত বিকেল’, ‘যাও পাখি বল তারে’, ‘নীল ফড়িং’সহ ছয়টি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। বেশ কিছু নতুন সিনেমার কাজ শুরু হচ্ছে। আস্তে আস্তে নাটকে অভিনয় কমিয়ে দেব।

 

নায়িকার সঙ্গে প্রেম নিয়ে কখনো কোনো গুজব ছিল?

গোপনে বা প্রকাশ্যে কখনোই কোনো নায়িকার সঙ্গে প্রেমের গুজব ছিল না। আমার কোনো নায়িকার সঙ্গে প্রেম ছিল না, ভবিষতে ইচ্ছাও নেই। আমি সহকর্মীদের সঙ্গে কখনোই প্রেম করব না। অভিনয়টাই করব। আমি ব্যাংকে চাকরি করলেও প্রেম করার জন্য কলিগ খুঁজতাম না।

 

নায়কদের তো শুনি অনেক প্রেমিকা থাকে?

জানি না, ভাই (হাসি)। সত্য কথা বলতে কি, আমি এখন পুরো কাজ নিয়ে ব্যস্ত। দু-তিন বছর ভালো করে কাজ করি, তারপর প্রেম হোক বিয়ে হোক, করব। এখন একাই আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *