নায়ক রাজ্জাকের স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদলেন অরুণা বিশ্বাস!

বিনোদন ডেস্ক- ৮ বছর আগে সিনেমা বানানোর পরিকল্পনা করেছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। ইচ্ছা ছিল, যাঁর হাত ধরে সিনেমায় এসেছিলেন, সেই নায়করাজ রাজ্জাককেই করবেন তাঁর ছবির প্রধান অভিনেতা। অবশেষে পূরণ হচ্ছে তাঁর সিনেমা বানানোর স্বপ্ন।

 

কিন্তু হলে কী হবে, তাঁর গুরুই যে আজ বেঁচে নেই। গত মঙ্গলবার প্রয়াত নায়কের স্ত্রী লক্ষ্মীর কাছে আশীর্বাদ নিতে রাজলক্ষ্মীতে ছুটে যান অরুণা বিশ্বাস। রাজ্জাকের স্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন। কেক কাটেন। এ সময় রাজ্জাককে ঘিরে অতীত স্মৃতি মনে করে কেঁদে ফেলেন দুজন।

 

নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘চাপাডাঙ্গার বউ’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় অরুণা বিশ্বাসের, বিপরীতে ছিলেন বাপ্পারাজ। স্মরণীয় সেই ছবি অরুণাকে রাতারাতি খ্যাতি এনে দেয়। এরপর আশির দশকের মাঝামাঝি থেকে প্রায় এক যুগ অভিনয়ে ব্যস্ত সময় পার করেন তিনি।

 

অরুণা বলেন, ‘আমাকে ইন্ডাস্ট্রিতে এনেছেন রাজ্জাক কাকু। তিনি, তাঁর পরিবারের সবাই, সব সময় আমার পাশে ছিলেন, আছেন। কাকু অসুস্থ থাকা অবস্থায় সব সময় খোঁজখবর নিয়েছি। কাকুকে রক্ত দিয়েছি। কাকুর পরিবারের সবার সঙ্গে যোগাযোগ আছে। আমাকে মেয়ের মতো দেখতেন কাকু। মারা যাওয়ার আগে বাসায় বলে গিয়েছিলেন, আমাকে মেয়ের মতো দেখতে। কাকু আন্টির কাছে বলেছিলেন, আমার সিনেমায় অভিনয় করবেন। তিনি আমাকে ভীষণ স্নেহ করতেন, এসব বলে আন্টি কাঁদলেন। আমি কী বলব বুঝতে পারছিলাম না। কথাগুলো আমাকেও ভীষণ কষ্ট দিচ্ছিল। চোখের পানি আটকে রাখতে পারছিলাম না। কাকুর হাত ধরেই মিডিয়ায় পথ চলতে শিখেছি। আমার জীবনটাই তো বদলে দিয়েছিলেন কাকু।’

 

সরকারি অনুদান নিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অরুণা, সেই ছবির নাম ‘অসম্ভব’। করোনার কারণে এত দিন মাঠে না নামলেও বুধবার জানালেন সিনেমার কাজ শুরু করছেন তিনি।

 

এ উপলক্ষে ফেইসবুকে নায়করাজকে স্মরণ করে তিনি লেখেন, ‘নায়করাজ রাজ্জাক, উপমহাদেশের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তির নায়ক। শুরু হচ্ছে আমার প্রথম চলচ্চিত্র… প্রণাম গুরু, আশীর্বাদ রেখ।’

 

‘অসম্ভব’ সিনেমায় কে কে অভিনয় করছেন তা জানতে চাইলে তিনি বলেন, ‘ছবির শুটিং শুরু হওয়ার আগেই আশা করছি সবাইকে জানাবো। এই মুহূর্তে বলতে চাইছি না। করোনার কারণে একটু সমস্যা হয়ে গেছে। আশা করছি কয়েকদিনের মধ্যেই সিনেমার সব তথ্য বলতে পারবো আপনাদের।’

 

সিনেমায় প্রথম হলেও এর আগে নাটক নির্মাণে যুক্ত ছিলেন অরুণা বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *