বিনোদন ডেস্ক- ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে প্রথমবারের মতো ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্র গেছেন। ২৫ নভেম্বর দেশে ফেরার কথা থাকলেও সম্প্রতি গণমাধ্যমকে জানান আপাতত ফিরছেন না তিনি।
জানা গেছে, ৪ ডিসেম্বর নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডসের আসর বসবে। ওই অনুষ্ঠানে শাকিব খানের অংশ নেওয়ার কথা আছে। এরপরই দেশে ফেরার কথা ভাবছেন এই সুপারস্টার।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর থেকে নিজের প্রযোজনা সংস্থা ‘এসকে মুভিজ’ থেকে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন তিনি। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ। যিনি গত কয়েক বছর ধরে আমেরিকাতেই থাকছেন।
শাকিবের আরও দুটি চলচ্চিত্র ‘প্রিয়তমা’ এবং ‘মায়া’ও নির্মাণ করবেন তিনি। নতুন ছবি প্রসঙ্গে হিমেল আশরাফ বলেন, ‘আগামী বছরের শুরুতে নতুন সিনেমাটির ৭০ ভাগ দৃশ্যধারণ হবে আমেরিকার লাসভেগাস, লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক এবং হলিউডে। বাকি ৩০ ভাগ হবে বাংলাদেশে।’
হোয়াটসঅ্যাপ কলে শাকিব খান শেয়ার করেন আমেরিকার নানা অভিজ্ঞতার কথা, সেখানে বসবাসরত বাঙালি কমিউনিটির মানুষদের ভালোবাসার কথা। শাকিব বলেন, ‘অনেক দেশেই যাওয়া হয়। প্রতিবারই দেশের মাটি মিস করি। আমেরিকা উন্নত দেশ। এখানে সব নিয়মের মধ্যে দিয়ে চলে। সব মিলিয়ে দারুণ সময় কাটছে।’
জানতে চাওয়া হয়, আমেরিকা থেকে নতুন ছবির ঘোষণার কারণ কী? তিনি বলেন, ‘এর পেছনে তেমন কারণ নেই। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে আমেরিকায় এসেছি। যেহেতু ছবিটি নির্মিত হবে আমার প্রযোজনা সংস্থা থেকে, নির্মাতা এখানে থাকেন, ছবির বেশিরভাগ চিত্রায়ণ আমেরিকাতেই হবে। তাই সব মিলিয়ে এখানেই ছবির ঘোষণা দেওয়া।’
শাকিব জানালেন, এখন থেকে নিয়মিতই তার প্রযোজনা সংস্থা থেকে সিনেমা নির্মিত হবে। এরই মধ্যে তিনি তার প্রতিষ্ঠানে বেশ কয়েকজন মেধাবীকে নিয়োগ দিয়েছেন। তারা নিরন্তর কাজ করছে। তবে নিজের প্রযোজনার বাইরে তার হাউসে কাজ করলেও ছবির সব দেখভাল করবেন শাকিব। কোনো না কোনোভাবে তার প্রযোজনা সংস্থাকেও সেখানে জড়িত রাখবেন বলে জানান এ নায়ক।
