ইতিহাসের অংশ হতে যাচ্ছি : ইরফান সাজ্জাদ

বিনোদন ডেস্ক- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য বায়োপিকের শিল্পী তালিকা আগেই ঘোষণা হয়েছে। এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ, শেখ হাসিনা চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এবার এই সিনেমায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

 

‘বঙ্গবন্ধু’ বায়োপিকে শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ইরফান সাজ্জাদ। এক সপ্তাহ আগে তিনি এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেতা।

 

তিনি বলেন, এক সপ্তাহ আগে ‘বঙ্গবন্ধু’ সিনেমায় অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয় আমাকে। ইতিহাসের সাক্ষীর অংশ হতে যাচ্ছি। আসলে এখানে তো কারো চাওয়ার কিছু নেই। এতো বড় আয়োজনের একটি সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে এ সিনেমায় অভিনয়ের চেষ্টা করবো।

 

শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন আগরতলা ষড়যন্ত্র মামলার দুই নম্বর আসামি ছিলেন। সিনেমায় তার অংশের শুটিং শুরু হবে ডিসেম্বরের ৬ তারিখের পর।

 

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত।

 

মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে শুটিং শেষ করা সম্ভব হয়নি। তাই ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে। তার আগে কিছুদিনের মধ্যে সিনেমাটির বাংলাদেশ অংশের শুটিং সম্পন্ন করা হবে।

বর্তমানে সিনেমার পরবর্তী অংশের শুটিংয়ের জন্য বাংলাদেশে রয়েছেন শ্যাম বেনেগাল সহ পুরো টিম। আগামী বছর সিনেমাটি মুক্তির কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *