মেয়েকে ঘর থেকে বের করে দিয়ে বন্ধ ঘরে ফাঁস নেয় বাবার আত্মহত্যা

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে শ্বশুরবাড়িতে শফিকুল ইসলাম (৫৫) নামে এক জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার বকচর এলাকার নুর ইসলামের বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়।

 

নিহত শফিকুল ইসলাম পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার বাগেরভিটা গ্রামের মৃত ছৈয়দুর রহমানের ছেলে।

 

জানা যায়, শফিকুল ইসলাম কসমেটিকসের ব্যবসা করেন। বিয়ের পর থেকে তিনি তার স্ত্রী, এক ছেলে আরিফ (১৭) ও মেয়ে সুমাকে (৭) নিয়ে শেরপুরের শ্রীবরদী উপজেলার বকচর গ্রামের শ্বশুর নুর ইসলামের বাড়ি থাকতেন। কিছুদিন যাবত তার স্ত্রী ঢাকায় একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে চাকরি শুরু করেন।

 

এর পর থেকে তিনি মাঝে মধ্যে শ্বশুরবাড়ি গিয়ে থাকতেন। ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে তার ছোট মেয়ে সুমাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজা ও জানালা বন্ধ করে ঘরের আড়ায় রশি বেঁধে গলায় ফাঁস নেন তিনি। পরে বাড়ির লোকজন তাকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘরের চালের টিন খুলে নিহতের লাশ উদ্ধার করে।

 

নিহতের ছেলে আরিফ হোসেন জানায়, তার বাবা মাঝে মধ্যে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়তেন। কারো সাথে কথা বলতেন না। আজ সকাল সাড়ে ১০টার দিকে তার বাবার সাথে তার কথা হয়। সে এইসএসসি পরীক্ষার্থী। তার বাবাকে সে বলেছে, পরীক্ষা দিতে যাবে। রহস্যজনকভাবে বাবা আত্মহত্যা করেছে।

 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস। তিনি বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *