বঙ্গবন্ধুর ম্যুরালে আপত্তি: মেয়র আব্বাসকে আ.লীগ থেকে অব্যাহতি

abbas 234n2

নজর২৪, রাজশাহী- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বসানোয় আপত্তি তোলা রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্বাস আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

 

বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পবা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।

 

তিনি বলেন, বুধবার বিকেলে পবা উপজেলার দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে মেয়র আব্বাসকে পৌর আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয়।

 

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে তাকে ডাকযোগে অব্যাহতিপত্র ও শোকজ চিঠি পাঠানো হবে। পত্রপ্রাপ্তির তিনদিনের মধ্যে তাকে চিঠির উত্তর দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর তাকে স্থায়ী বহিষ্কারের জন্য দলের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হবে।

 

আব্বাস আলী রাজশাহীর কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক। ২০১৫ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে তিনি প্রথমবার মেয়র নির্বাচিত হন। ২০২০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন।

 

ঘরোয়া একটি আলোচনায় মেয়র আব্বাস বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের বিরোধিতা করে কথা বলেন। গত সোমবার এই আলোচনার অডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

 

১ মিনিট ৫১ সেকেন্ডের অডিও ক্লিপটিতে বঙ্গবন্ধুর ম্যুরাল বানালে ‘পাপ হবে’ এমন কথাও বলতে শোনা গেছে মেয়র আব্বাস আলীকে।

 

খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের শেষের দিকের আলোচনার কিছু অংশের রেকর্ড এটি। গত আগস্টের মাঝিামাঝিতে নিজ দফতরে ব্যবসায়ীদের নিয়ে এই বৈঠক করেন মেয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *