বিনোদন ডেস্ক- বেঁচে আছেন ‘মিস্টার বিন’-খ্যাত ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যুর খবরটি ভুয়া।
ফক্স নিউজের নামে ভুয়া একটি টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়, গত ২২ নভেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৮ বছরের মিস্টার বিন। মুহূর্তেই সে খবর ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
তবে এবার খুব সহজেই ধরা পড়েছে ভুয়া খবরের সত্যতা। কারণ, ২০১৭ সালেও একই খবর ছড়িয়ে পড়েছিল। ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের প্রকৃত বয়স ৬৬ বছর এবং তিনি জীবিত রয়েছেন।
বয়সের গরমিলের কারণে সন্দেহ তৈরি হয় ভক্তদের মধ্যে। পরে খোঁজখবর নিয়ে বিনের পাঁড় ভক্তরা খবরটিকে গুজব বলে নিশ্চিত করেন।
ভুয়া ওই টুইটে কমেন্টে একজন লেখেন, ‘রোয়ান অ্যাটকিনসন ওরফে মিস্টার বিন মারা যাননি। পোস্টটি ভুয়া। ‘অনলাইনে মিস্টার বিনের মৃত্যুর ভূয়া খবর ছড়ানো হচ্ছে… জঘন্য।’
আরেক ভক্ত লেখেন, ‘অভিনেতা মিস্টার বিনের মৃত্যুর ভুয়া খবর আবারও ছড়ানো হচ্ছে। এটা সম্ভবত ২৩তম বার। মানুষটাকে বাঁচতে দিন।’ অন্য একজন লেখেন, ‘আবারও গুজব। তিনি অনেকবার মরেছেন।’
এর আগে এ বছরের শুরুতে এক সাক্ষাৎকারে অ্যাটকিনসন জানান, তিনি এই মিস্টার বিন হয়ে ওঠা বিষয়টা একেবারেই উপভোগ করেন না। এমনকী মিস্টার বিন তাঁর প্রিয় চরিত্রও নয়। বরং তাঁর প্রিয় চরিত্র Blackadder। কারণ অ্যাটকিনসন মনে করেন, ওই চরিত্রটিতে এমন সর্বদা হাস্যরস সরবরাহ করার দায় ভার তাঁর উপর বর্তায়নি। ফলে স্বাভাবিক ভাবে তিনি অভিনয় করতে পেরেছিলেন।
১৯৯০-১৯৯৫ সাল পর্যন্ত ব্রিটেনের অন্যতম মজার টেলিভিশন শো ছিল মিস্টার বিন। যদিও দু’দশক পেরিয়েছে, তবু জনপ্রিয়তা আজও কমেনি তাঁর।
