নজর২৪ ডেস্ক- বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচে বাংলাদেশের কেউ পাকিস্তানি পতাকা নিয়ে এলে এবং পাকিস্তানের জার্সি পরে এলে সেটি প্রতিরোধের ঘোষণা দিয়েছে ‘পাকিস্তানী দালাল রুখবে তারুণ্য’ নামের একটি সংগঠন।
রোববার (২১ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনের সদস্যরা।
সোমবার বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচের আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচের আগে তারা মিরপুরে অবস্থান নেবেন বলে জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক হামজা রহমান অন্তর।
বিবৃতিতে বলা হয়েছে, ‘৩০ লাখ শহীদ আর দুই লক্ষাধিক মা-বোনের আর্তনাদের বিনিময়ে পাওয়া স্বাধীনতা। সেই স্বাধীনতার শত্রু যারা আজো রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চায়নি, ক্ষতিপূরণ দেয়নি। যারা আজও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে-তাদের হয়ে এদেশীয় দালাল গোষ্ঠীকে একাত্তরে মতোই প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ আমরা।’
ইতোমধ্যে বাংলাদেশের খেলার দিন পাকিস্তানের পতাকা হাতে উল্লাস করলে ব্যবস্থা নেয়ার আভাস দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ চলার সময় অভাবনীয় এ ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়ের মধ্যে এ কথা জানিয়েছেন মন্ত্রী।
তিনি বলেন, ‘বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। আমরা অবশ্যই পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। এটা দুর্ভাগ্যজনক যদি কেউ করে থাকে।’
রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসঙ্গটি নিয়ে কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই করেন।
