ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানালেন নুর

নজর২৪ , ঢাকা- বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিন্দা জানানোয় স্বাগত জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

 

শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

 

গত ১৭ নভেম্বর টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার মুখে পড়েন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরসহ নেতাকর্মীরা। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী।

 

এ নিয়ে বৃহস্পতিবার ওবায়দুল কাদের বলেন, ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

শুক্রবারের সমাবেশে নুরুল হক নুর বলেন, টাঙ্গাইলে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা আমাদের ওপর যে ব র্ব র হামলা করেছে বিভিন্ন গণমাধ্যমের খবরেই সেটি উঠে এসেছে। ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করেছে, এটি যদি মন থেকে করে তাহলে তাকে ধন্যবাদ। আমরা প্রতিহিংসার, সহিংসতার রাজনীতি করতে চাই না। শান্তি-সম্প্রীতি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই, শান্তি চাই।

 

তিনি বলেন, টাঙ্গাইলের হামলায় সরকারের নির্দেশনা না থাকলে,দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।

 

নুরুলহক নুর বলেন, ‘বর্তমান সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। সরকারি দলের নেতা-কর্মীরা দিনদিন বেপরোয়া হয়ে উঠছে। ভিন্নমত ও বিরোধীদের উপর হামলা করে এখন তারা নিজেরা মারামারি, খুনোখুনি করছে। অপদার্থ নির্বাচন কমিশন, নির্বাচনের নামে রক্তের হলিখেলার আয়োজন করছে। সরকার দলদাস অযোগ্য, দুর্নীতিবাজদের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসিয়ে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছে।

 

এ সময় গণঅধিকার পরিষদের আহ্বায়ক অর্থনীতিবিদ ড.রেজা কিবরিয়া বলেন, টাঙ্গাইলের হামলার ঘটনায় ওবায়দুল কাদের নিন্দা জানিয়েছেন বুঝলাম, কিন্তু এই সরকার কার কথায় চলে তা বুঝলাম না। সরকার কি ওবায়দুল কাদেরর কথায় চলে, নাকি শেখ হাসিনার কথায় চলে। যার কথায় চলুক এই দুষ্কৃতিকারীদের দায় প্রধানমন্ত্রী এড়িয়ে যেতে পারে না। তাকেও এই দায় নিতে হবে। এরপর যদি কোন হামলা হয় তাহলে আমরা বুঝে নিব প্রধানমন্ত্রীর নির্দেশে তা হয়েছে।

 

নুরের উপর এর আগে ১৯ বার হামলা হয়েছে। একটির বিচার হয়নি। এর মানে কী? হয়তো তিনি থামাতে চাননি বা থামাতে পারেন নি। তার মানে উনার দলীয় লোকজনের উপর উনার কোন নিয়ন্ত্রণ নাই। যদি দলীয় লোকদের উপর নিয়ন্ত্রণ না রাখতে পারেন, তাহলে তিনি দেশের মানুষকে কিভাবে নিরাপত্তা দিবেন। দেশ কিভাবে চালাবেন? সরকার দেশ চালাতে ব্যর্থ। তাই আমরা বলতে চাই, নিরপেক্ষ সরকারের অধীনে সু্ষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করুন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *