কৌশানি আসছেন শুনে গোসল বন্ধ করলেন নায়ক শান্ত!

বিনোদন ডেস্ক- কলকাতার নায়িকা কৌশানি মুখার্জি প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন। সিনেমার নাম ‘প্রিয়া রে’। শাপলা মিডিয়ার প্রযোজনায় এটি নির্মাণ করছেন পূজন মজুমদার। সিনেমাটিতে কৌশানির নায়ক শান্ত খান।

 

গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চাঁদপুরে এই সিনেমার প্রথম লটের শুটিং হয়েছিল। সেখানে অংশ নিয়েছিলেন কৌশানিসহ কলকাতার রজতাভ দত্ত ও খরাজ মুখার্জির মতো অভিনেতারা। তখন গল্পের প্রয়োজনে নায়ক শান্ত খান টানা ১৩ দিন গোসল না করে থাকেন।

 

আবারও একই ঘটনা ঘটতে যাচ্ছে। আগামীকাল (১৯ নভেম্বর) থেকে পুনরায় চাঁদপুরে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। এর জন্য বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বাংলাদেশে আসছেন কৌশানি। আর শুটিংয়ের প্রয়োজনে আবারও গোসল বন্ধ করছেন শান্ত।

 

তরুণ এই নায়ক জানান, এবারের লটে তিনি এক সপ্তাহ গোসল ছাড়া থাকবেন। তার ভাষ্য, ‘এই সিনেমার মূল কারিশমা হচ্ছে গল্প। এখানে আমরা যারা অভিনয় করছি তারা কেবল চরিত্রগুলোকে এগিয়ে নিচ্ছি। সেই চরিত্রের প্রয়োজনেই গোসল না করে থাকতে হয়েছে। প্রথম লটের ১৩ দিন গোসল না করে কেবল পারফিউম দিয়ে থেকেছি। এবারও পরিচালক পূজন ভাই শর্ত জুড়ে দিয়েছেন, গোসল করা যাবে না। চরিত্রটি ফুটিয়ে তুলতে টানা সাতদিন গোসল না করে থাকতে হবে।’

 

এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় কলকাতার দুই সিনেমার শুট শেষ করেছেন কৌশানী মুখোপাধ্যায়। শামীম আহমেদ রনির পরিচালনায় সেই দুই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন প্রেমিক বনি সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *