Home বিনোদন আবারও চাঁদপুর যাচ্ছেন কলকাতার কৌশানী

আবারও চাঁদপুর যাচ্ছেন কলকাতার কৌশানী

0
233

বিনোদন ডেস্ক- কিছুদিন আগে চাঁদপুর ঘুরে গেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। ফের ইলিশের রাজধানীখ্যাত এই জেলা শহরে যাবেন তিনি। তবে ব্যক্তিগত কারণে নয়। সিনেমার কাজেই বাংলাদেশে আসছেন এই নায়িকা।

 

আগামীকাল (১৮ নভেম্বর) কৌশানী চাঁদপুর যাবেন বলে নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায়।

 

পূজন মজুমদার পরিচালিত বাংলাদেশের ‘পিয়া রে’ সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিতে ঢাকা আসছেন কৌশানী। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়ক শান্ত খান।

 

কৌশানী চাঁদপুরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণে অংশ নেবেন। আগামী ৩ ডিসেম্বর শুটিং শেষে কলকাতা ফিরবেন এই নায়িকা। এর আগে তিনি বান্দরবানে শুটিং করবেন। কৌশানী ছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলে প্রযোজক সূত্রে জানা গেছে।

 

এর আগে গত ২৭ সেপ্টেম্বর চাঁদপুর গিয়েছিলেন কৌশানী। কলকাতা ফেরার সময় সঙ্গে ইলিশ মাছ নিয়ে গেছেন এই নায়িকা। বাড়ি ফিরে পরিবারের সবাইকে চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশ উপহার দিয়েছেন বলে জানান কৌশানী।

 

এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাভ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেছেন কৌশানী। তাঁর বিপরীতে কাজ করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। তবে এগুলো সবই টালিউডের ছবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here