ছাত্রকে ঘাড় ধাক্কা, রাজধানীতে রাইদা’র অর্ধশত বাস আটক

নজর২৪, ঢাকা- রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের সামনে রাইদা পরিবহনের একটি বাস থেকে এক শিক্ষার্থীকে ‘ঘাড় ধাক্কা দিয়ে’ নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ওই রুটের অন্তত অর্ধশত বাস আটক করে রাখে।

 

এই ঘটনায় রামপুরা সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ প্রতিবেদন লেখা (বিকাল ৩টা) পর্যন্ত এ ঘটনায় রামপুরা থানায় সমঝোতার জন্য উভয়পক্ষকে ডেকে আনা হয়েছে।

 

সোমবার (১৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগকারী শিক্ষার্থী বাড্ডা আফতাব নগরের ঢাকা ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থী।

 

জানতে চাইলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘রাইদা পরিবহনের একটি বাস যখন বিটিভি ভবনের সামনে আসে তখন বাসে থাকা এক শিক্ষার্থী চেকারকে হাফ ভাড়া নেওয়ার কথা বলে। চেকার তা না নিতে অস্বীকৃতি জানায় এবং তাকে বাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। এ ঘটনার পরে ভুক্তভোগী শিক্ষার্থী তার সহপাঠীদের ফোন করে জানালে বেশ কয়েকজন শিক্ষার্থী এসে রাইদা পরিবহনসহ ওই রুটের প্রায় ৫০টি বাস আটক করে বলেও জানান তিনি।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা সড়ক থেকে সরে যায় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অভিযুক্ত বাসটি আটক করা হয়েছে। বাস কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের নিয়ে বিষয়টি সমাধানে আলোচনা চলছে বলেও জানান ওসি।

 

ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগের রামপুরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তানভীর রহমান বলেন জানান, এই ঘটনার পর শিক্ষার্থী ও রাইদা পরিবহন কর্তৃপক্ষ সমঝোতা করছে রামপুরা থানায়। সেখানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদারকি করছেন। ঘটনার শুরুতে শিক্ষার্থীরা পঞ্চাশটির মতো বাস রাস্তায় আটকে রাখে। আটকানো বাসগুলোর মধ্যে ৩০টি ছেড়ে দেওয়া হয়েছে, আর ২০টি এখনো আটকানো রয়েছে। সমঝোতা শেষে বাসগুলো ছেড়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *