নারায়ণগঞ্জের ছাত্রলীগ নিয়ে অবশেষে মুখ খুললেন শামীম ওসমান

নজর২৪ ডেস্ক- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান বলেছেন, এখন গাছের পাতায় পাতায় আওয়ামী লীগ। সব সেক্টর আওয়ামী লীগ হয়ে গেছে। মাঝে মধ্যে মনে হয়, আমরা বোধ হয় বিএনপি-জামায়াত করি। কিন্তু হাইব্রিড আর অনুপ্রবেশকারীরা দলের যে ক্ষতি করছে সেটা বন্ধ না করলে তৃণমূল ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হবে।

 

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের রাইফেল ক্লাবে সদর, বন্দর ও সোনারগাঁয়ের নবনির্বাচিত চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

শামীম ওসমান বলেন, সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন অনেক সুষ্ঠু হয়েছে। আমি নির্বাচনে কোনো হস্তক্ষেপ করি নাই। আমরা তো হাইব্রিড রাজনীতিবিদ না। তাই আমরা মাটির গন্ধ বুঝতে পারি। যখন দেশে আসলাম তখন জানতে পারলাম যে আমার ও বন্দর এলাকাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। তারা চেয়েছিল কোনো লাশ ফেলে বিশৃঙ্খলা করবে। এটা চেয়েছিল তৃতীয় কোনো পক্ষ। বিষয়টি আমি সাংবাদিকদের জানিয়েছি এবং সেটা প্রতিহত করা হয়েছে। আমি খুশি যে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচন হয়েছে।

 

তিনি বলেন, নির্বাচনের আগে কিছু কিছু পত্রিকা মানুষের চরিত্র হনন করেছে পয়সার বিনিময়ে। অনেক নেতা চেয়ারম্যানদের চরিত্র হনন করেছে। আমি এসব দেখিও না, পড়িও না। দেশের বড় বড় পত্রিকা অনেক কিছু করেও আমার কিছু পায়নি।

 

শামীম ওসমান বলেন, আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। ১০ নভেম্বর আমার জন্য মেডিকেল টিম বসেছিল। দেশের সেরা ১১ জন ডাক্তারের মেডিকেল টিম আমাকে পিজি হাসপাতালে দেখেছে। অনেক টেস্ট দিয়েছে। কিন্তু রোগ চিহ্নিত করতে পারেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ মানুষের রোগ দেন পাপ মোচনের জন্য। আমাদের নবীজিরও রোগ দিয়েছিলেন আল্লাহ।

 

তিনি বলেন, ১১ নভেম্বর আমি এনায়েতনগর ইউনিয়নে ভোট দিতে যাওয়ার সময়ে পুলিশ লাইন্স এলাকায় যাওয়ার পর শুনলাম র‌্যাব মাসদাইর প্রাথমিক বিদ্যালয়ে গেছে। নারায়ণগঞ্জের ছাত্রলীগ অনেক সভ্য। তাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন কেউ তুলতে পারেন না। কোনো ভুল বুঝাবুঝি কিংবা যেভাবেই হোক সেখানে আওয়ামী লীগের সভাপতি কামালের সামনে একটি ঘটনা সাজানো হয়। আমি সেখানে গিয়ে র‌্যাবের কর্মকর্তার সঙ্গে কথা বলার পর অফিসাররাও বুঝেছে এটা সাজানো। সেখানে কিছু অনিবন্ধিত পত্রিকার গাড়িও দেখেছি। সব কিছু ছিল ফিটফাট। সেখানে ভুল বুঝাবুঝির কারণে ছাত্রলীগ সভাপতির পায়ে ফ্যাকচার হয়ে গেছে। যেখানে যা জানানোর প্রয়োজন সেখানে আমরা জানাব।

 

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহাসহ আওয়ামী লীগের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *