মাওলানা রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র

নজর২৪, ঢাকা- আলোচিত শিশুবক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মাহমুদুল হাসান ওরফে মুর্তজা নামে আরেক ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে ডিবি পুলিশ।

 

শনিবার (১৩ নভেম্বর) মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মোতালেব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক রেজাউল করিম গত ২১ অক্টোবর এ চার্জশিট দাখিল করেন। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার সাইবার ট্রাইবুনালে বদলির আদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

মামলার এজাহারে থেকে জানা যায়, ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রফিকুল ইসলাম মাদানী দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। তার এসব বক্তব্য দেশের সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। বিভ্রান্ত হয়ে তারা দেশের সম্পত্তির ক্ষতি করছেন।

 

আদনান শান্ত নামের এক ব্যক্তি রফিকুল মাদানীসহ ৫ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মতিঝিল থানায় মামলা করেন।

 

৭ এপ্রিল ভোরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দার নিজ বাড়ি থেকে রফিকুলকে আটক করে র‌্যাব। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফা রিমান্ডে পাঠায় আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *