বিনোদন ডেস্ক- টাইমস স্কয়ার; যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। বলা হয়ে থাকে ‘পৃথিবীর সড়ক সংযোগস্থল’ টাইমস স্কয়ার। এখানকার বিলবোর্ডগুলোতে বিভিন্ন সিনেমা, গানের প্রচারণা হয়ে থাকে। যার ফলে বিনোদন বিশ্বেও স্থানটি বিশেষভাবে পরিচিত।
সেই টাইমস স্কয়ারে দেখা গেল ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। সেখানকার সড়কে আলো-ঝলমলে রাতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। শনিবার (১৩ নভেম্বর) ছবিটি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। সঙ্গে ক্যাপশনে লিখেছেন: ‘নিউ হোপস। আলহামদুলিল্লাহ।’
ছবিতে দেখা যাচ্ছে, শাকিবের পরনে কালো রঙের একটি শীত পোশাক, মাথায় টুপি, হাতে টিস্যু মোড়ানো পানীয়র মগ। হাসিমাখা মুখে তিনি তাকিয়ে আছেন ক্যামেরার লেন্সে।
টাইমস স্কয়ারে শাকিবকে দেখে উচ্ছ্বসিত তার ভক্তরা। মাত্র ৩ ঘণ্টায় ছবিটিতে ৪১ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। মন্তব্যের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। কমেন্টে প্রিয় নায়কের প্রতি ভালোবাসা জানাচ্ছেন ভক্তরা।
শাকিব খান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গেছেন। গতকাল শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। এই প্রথম তার যুক্তরাষ্ট্র ভ্রমণ। তিনি সেখানে ১০ দিন অবস্থান করবেন বলে জানা যায়।
আগামীকাল (১৪ নভেম্বর) নিউ ইয়র্ক শহরে বসছে মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’র আসর। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে এই অনুষ্ঠানের অন্যতম অতিথি এই চিত্রনায়ক।
অ্যাওয়ার্ড অনুষ্ঠান পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। তিনি বলেন, শাকিব খান ছাড়াও দেশের জনপ্রিয় অনেক তারকা সেখানে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে দেশের একাধিক গুণী শিল্পী রয়েছেন। তারাও অংশ নেবেন অনুষ্ঠানে।
যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে শাকিব বলেন, ‘চ্যানেল আই একটি মহৎ উদ্যোগ নিয়েছে। সেখানে শামিল হতে পারছি এটা সৌভাগ্যের। তাছাড়া কোভিডের কারণে দীর্ঘদিন দেশের বাইরে যাওয়া হয়নি। চ্যানেল আইয়ের অনুষ্ঠানের পাশাপাশি ঘোরাঘুরি করে নিজেকে একটু সময়ও দিতে পারবো।’
শাকিব খান ছাড়াও এই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন আফজাল হোসেন, রফিকুল আলম, ফাহমিদা নবী, নকীব খান, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, রেজওয়ানা চৌধুরী বন্যাসহ আরো অনেকে।
১৪ নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠান হলেও ঢাকায় আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। দর্শক দুটি অনুষ্ঠানই চ্যানেল আইয়ের পর্দায় উপভোগ করতে পারবেন থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে।
