বিনোদন ডেস্ক- আগামী বছরটা শুরু হতে যাচ্ছে চিত্রনায়িকা পরীমনি অভিনীত সিনেমা দিয়ে। তার ‘মুখোশ’ মুক্তি পাবে জানুয়ারিতে। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে ছবির পরিচালক ইফতেখার শুভ তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমার পরিচালিত প্রথম সিনেমা মুখোশ জানুয়ারির মাঝামাঝি সময়ে মুক্তি পাবে বলে আশা করছি। পরীমনি জেল থেকে বের হয়ে এই সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছিলেন। নতুন বছরে এটি পরীমনি অভিনীত প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।’
আগামী ১৫ নভেম্বর সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ পেতে যাচ্ছে। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিবেশনার দায়িত্ব নিয়েছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।
প্রসঙ্গত, এই সিনেমার মাধ্যমে পরীমনির বিপরীতে প্রথমবার অভিনয় করছেন নায়ক জিয়াউল রোশান। পরীর সঙ্গে একই সিনেমায় মোশাররফ করিমও এই প্রথম। এছাড়া সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে ইরেশ যাকের, প্রাণ রায়, ফারুক আহমেদ ও তারেক স্বপনের মতো তারকাদের।
