আবার হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে

নজর২৪, ঢাকা- তৃতীয় দফায় হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

 

শনিবার বিকেল ৫টার দিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

 

এর আগে ২৬ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ৭ নভেম্বর সন্ধ্যায় বাসায় ফেরেন খালেদা জিয়া।

 

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেছেন, ‘কয়েক দিন আগে ম্যাডাম চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন। আজ আবার উনাকে ফলোআপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।’

 

গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন বলা হয়, খালেদা জিয়া কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। জ্বর সেরে গেলেও শারীরিক দুর্বলতাসহ স্বাস্থ্যগত নানা জটিলতা দেখা দেয়ায় স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে খালেদাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

গত ২৫ অক্টোবর খালেদা জিয়ার শরীর থেকে নেয়া টিস্যুর বায়োপসি করা হয়। এ পরীক্ষার পর তার চিকিৎসকরা জানান, খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন। বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

এর আগে এপ্রিলে করোনাভাইরাসে সংক্রমিত হন সাবেক এই প্রধানমন্ত্রী। বাসায় চিকিৎসা নিয়ে করোনা থেকে সেরে উঠলেও শারীরিক জটিলতা দেখা দেয়ায় ২৭ এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সিসিইউতে নেয়া হয়। গত ১৯ জুন তিনি বাসায় ফেরেন।

 

ইতিমধ্যে করোনার টিকা নিতে খালেদা জিয়া দুই দফায় মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *