বিনোদন ডেস্ক- মাদকের মামলায় আরিয়ানের জামিনের পর থেকে তাকে আর চোখের আড়াল করতে চাইছেন না বলিউড বাদশাহ শাহরুখ খান।
অক্টোবরের শুরুতে মাদক মামলায় আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর সব শুটিং থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন কিং খান। এমনকি আরিয়ান জামিনে ছাড়া পাওয়ার পরও কাজ শুরু করেননি তিনি।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিন উদ্যাপন করে কাজে ফিরবেন শাহরুখ।
শুরুতেই পাঠান সিনেমার শুটিংয়ের জন্য দেশের বাইরে যাবেন তিনি। সেই সময় যাতে আরিয়ানের নিরাপত্তায় কোনো ঘাটতি না হয়, সেদিকে খেয়াল রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছেন অভিনেতা।
ছেলের জন্য নিজের বিশ্বস্ত বডিগার্ডকে রেখে যাচ্ছেন শাহরুখ। অনেক বছর ধরে কিং খানের সঙ্গে আছেন তার বডিগার্ড রবি সিং। তিনি এখন অভিনেতার পরিবারের একজন সদস্যের মতোই হয়ে গেছেন।
আরিয়ান নাকি সবার সঙ্গে সহজে মিশতে পারেন না। তবে শাহরুখের বডিগার্ড রবির সঙ্গে তার সম্পর্ক খুব ভালো। তাই এবার দেশের বাইরে যাওয়ার সময় বডিগার্ডকে সঙ্গে নেবেন না শাহরুখ। তাকে রেখে যাবেন ছেলের জন্য।
শাহরুখ নিজের জন্য নতুন বডিগার্ড রাখতে পারেন বলেও শোনা যাচ্ছে।
দীর্ঘদিন থেকে শাহরুখের ছায়াসঙ্গী হিসেবে রয়েছেন নিরাপত্তা কর্মী রবি। কিং খানকে রেখেছেন আগলে। শাহরুখের নিরাপত্তারক্ষী রবি প্রতি বছর ২.৭ কোটি টাকা বেতন পান। অর্থাৎ মাস গেলে ২২ লক্ষের কিছু বেশি টাকা পান রবি। বলিউডে যে সব নিরাপত্তারক্ষীর বেতন সবচেয়ে বেশি, রবি তাদের অন্যতম। শাহরুখের পরে এ বার তার ছেলেকে সুরক্ষিত রাখার গুরুদায়িত্বও উঠল রবির কাঁধে।
‘পাঠান’ সিনেমার দুটি গানের দৃশ্যের শুটিং হবে স্পেনের বিভিন্ন লোকেশনে। কাজের তারিখ নিয়ে কথাবার্তা এগিয়েছে এরই মধ্যে। গানের লোকেশনের জন্য এমন কয়েকটি জায়গা বেছে নেওয়া হয়েছে, যেখানে কোনো বলিউড গানের শুটিং করা হয়নি।
সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ স্পেনের অচেনা জায়গাগুলো এবার পর্দার সামনে তুলে ধরার চেষ্টা করবেন। ‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাডু্কোন এবং জন আব্রাহামকে। এবার স্পেনের এলাকায় প্রেমের উদযাপনে মাতাবেন শাহরুখ ও দীপিকা।
