আফগানিস্তানে জুমার নামাজ চলাকালে আবারও বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক- আফগানিস্তানে আবারও মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের সময় দেশটির নানগারহার প্রদেশের একটি মসজিদে এই হামলা হয়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কিছু মানুষ।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান কর্মকর্তা এএফপিকে বলেছেন, বিস্ফোরণে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। আমি এই জেলার একটি মসজিদে শুক্রবারের নামাজের সময় বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করতে পারি।

 

নাঙ্গারহার প্রদেশের সরকারের মুখপাত্র কারি হানিফ সংবাদ সংস্থা এপিকে বলেছেন, মনে হচ্ছে বোমাটি আগেই মসজিদে লাগানো হয়েছিল।

 

স্থানীয় বাসিন্দা অটল শিনওয়ারি রয়টার্সকে জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে মসজিদের ভিতরে রাখা বিস্ফোরকটির বিস্ফোরণ হয়। স্থানীয় আরেক বাসিন্দাও একই কথা জানিয়েছেন।

 

স্থানীয় হাসপাতালের একজন চিকিৎসক এএফপিকে জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন।

 

খোরাসান প্রদেশে ইসলামিক স্টেট, আইএসআইএল (আইএসআইএস) সশস্ত্র গোষ্ঠীর সহযোগী আইএসকেপি (আইএসআইএসকে) গত আগস্টে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর আফগানিস্তানে বেশ কয়েকটি রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার করেছে।

 

নভেম্বরের শুরুতে কাবুলের একটি সামরিক হাসপাতালে আইএসকেপি হামলায় কমপক্ষে ১৯ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছিল। দেশটির জাতিগত সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের ২টি মসজিদে এ বছরের শুরুতে আইএসকেপি দাবি করা হামলায় ১২০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *