বিনোদন ডেস্ক- অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নামজাদা এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা) জিতলো আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। সঙ্গে সেরা অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেলেন আজমেরী হক বাঁধন।
দেশটির কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে বৃহস্পতিবার (১১ নভেম্বর) অ্যাপসা বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়। এতে ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি মনোনয়ন তালিকায় ছিলো এবার। এরমধ্যে যৌথভাবে ‘জুরি গ্র্যান্ড প্রাইজ’ (উৎসবের দ্বিতীয় পুরস্কার) জিতে নিয়েছে সাদের ‘রেহানা মরিয়ম নূর’ এবং অস্ট্রেলিয়ার সিনেমা ‘দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লিজেন্ড অব মলি জনসন’।
এবছর সেরা অভিনেত্রী বিভাগে ৫ জন পেয়েছিলেন মনোনয়ন। এরমধ্যে চূড়ান্ত বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন ‘রেহানা’ চরিত্রে অভিনয় করা আজমেরী হক বাঁধন।
অ্যাপসায় সেরা অভিনেত্রী বিভাগে বাঁধনের প্রতিদ্বন্দ্বী ছিলেন অস্ট্রেলিয়ার লিয়া পারসেল (দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লিজেন্ড অব মলি জনসন), নিউজিল্যান্ডের এসি ডেভিস (দ্য জাস্টিস অব বানি কিং), ইসরায়েলের আলেনা ওয়াইভি (এশিয়া) এবং রাশিয়ার ভ্যালেন্টিনা রোমানোভা-চিস্কাইরি (পুগায়া)।
আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বাঁধন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এ পুরস্কার অনেক আনন্দের। অনেক প্রেরণার। ‘রেহানা নূর মরিয়ম’ সিনেমাটি আমাকে নতুন জন্ম দিয়েছে।”
এর আগে সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন দেশের নানা চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছে। আগামীকাল সিনেমাটি দেশের ১২টি হলে মুক্তি পেতে যাচ্ছে।
তার আগে এ পুরস্কারের খবর বাড়তি সাহস দিচ্ছে বলে জানান বাঁধন।
