স্কুলের মেধাবী ছাত্রী থেকে যেভাবে আলোচিত নায়িকা পরীমণি

বিনোদন ডেস্ক- নজরকাড়া গ্ল্যামার আর মিষ্টি হাসির কারণে দেশের সিনেমাপ্রেমীদের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছেন হালের ক্রেজ চিত্রনায়িকা পরীমণি। একের পর এক সিনেমায় নিজেকে তিনি ছাপিয়ে গেছেন অভিনয় দক্ষতায়। দর্শক সমালোচক মহলে চলে এসেছেন জনপ্রিয়তার কাতারে।

 

জানা যায়, পরীর জন্ম ও বেড়ে ওঠা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামে নানাবাড়িতে। তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি। দাদাবাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়। তবে সেখানে কখনো যাওয়া হয়নি তার।

 

পরীমণি তার জন্মদিন পালন করেন ২৪ অক্টোবর। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের রেজিস্টারে থাকা তথ্য অনুসারে, তার জন্মদিন ১৯৯২ সালের ১৫ ডিসেম্বর। এসএসসি পাসের পর সেখানেই ভর্তি হয়েছিলেন তিনি।

 

দক্ষিণ সিংহখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবনের সূচনা হয় পরীমণির। স্কুল জীবনে দারুণ মেধাবী ছিলেন তিনি। পঞ্চম শ্রেণিতে তিনি বৃত্তি পর্যন্ত পেয়েছিলেন। চমকপ্রদ ব্যাপার হলো, এখনো অব্দি ওই স্কুলে পরী ছাড়া আর কেউই বৃত্তি পাননি। এ কারণে স্কুলের শিক্ষকেরা এখনো তাকে নিয়ে গর্ব করেন।

 

জীবনে অনেকগুলো বড় ধাক্কা সামলাতে হয়েছে পরীমণিকে। মাত্র ৩ বছর বয়সে তার মা আগুনে পুড়ে মারা গিয়েছিলেন। এরপর ২০১২ সালে মারা যান তার বাবাও। তাই ছোট বেলা থেকে নানা-নানির আদর-শাসনে বড় হয়েছেন তিনি।

 

২০১১-১২ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হয়েছিলেন পরীমণি। তবে ক্লাস করেননি। চলে আসেন ঢাকায়। স্বপ্ন ছিল বিনোদন জগতে কাজ করার। সুদর্শনা হওয়ার সুবাদে খুব বেশি সময় লাগেনি কাজ পেতে। মডেলিং দিয়ে শোবিজের পথচলা শুরু হয়। এরপর কিছু নাটকেও কাজ করেন তিনি।

 

সিনেমায় পরীমণির যাত্রা শুরু হয় ২০১৫ সালে। ওই বছর তিনি প্রায় দুই ডজন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। যার ফলে রাতারাতি আলোচনার কেন্দ্রে চলে আসেন এ নায়িকা। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘ভালোবাসা সীমাহীন’।

 

পরবর্তীতে তিনি আলোচিত হয়েছেন ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘রানা প্লাজা’, ‘রক্ত’, ‘অন্তর জ্বালা, ‘স্বপ্নজাল’, বিশ্বসুন্দরী’ ও ‘স্ফুলিঙ্গ’ সিনেমার সুবাদে।

 

ঢালিডের লাস্যময়ী এই নায়িকা সম্প্রতি আলোচনায় আসেন মাদক মামলায় কারাগারে গিয়ে। তবে কারামুক্ত হওয়ার পর অনেকেই হয়তো ভেবেছিলেন পরীমণির যাপিত জীবনে প্রভাব পড়বে। দমে যাবেন তিনি, গুটিয়ে নেবেন ব্যক্তি জীবনের সব আয়োজন থেকে। কিন্তু না, আলো ঝলমলের এই ক্যারিয়ারে ২৭ দিনের কোনো প্রভাব বিস্তার করতে পারেনি।

 

পরীমণি তার ব্যক্তিগত জীবনকে আগের মতোই উদযাপনের মধ্যে রেখেছেন, স্বাভাবিক রেখেছেন। ব্যস্ত রেখেছেন নতুন নতুন সিনেমার শুটিংয়েও। সমানতালে এগিয়ে যাচ্ছেন পরী। তারই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় তার জন্মদিন উদযাপিত হবে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে।

 

বিপদের সাথীদের নিয়েই বিশেষ দিনটি পালন করবেন তিনি। এরই মধ্যে আয়োজনের পূর্ব প্রস্তুতি শেষ। প্রিয় মানুষদের কাছে পৌঁছে গেছে দাওয়াত কার্ড। সেই কার্ডে দেখা গেল একটি বিশেষ বার্তা। শিরোনামে লেখা: ‘তোমার খাঁটি হৃদয় নিয়ে আমার কাছে এসো এবং আমার সঙ্গে উড়ে বেড়াও চিরদিনের জন্য’।

 

সব ঠিক থাকলে সন্ধ্যার পর থেকে ওই পাঁচ তারকা হোটেলে বসবে লাল-সাদার আসর। বাহারি আলোয় ভরে উঠবে তার আয়োজন। বিগত বছরের ধারাবাহিকতায় আজও পরীর সকালটা শুরু পথশিশুদের সঙ্গে। সুবিধাবঞ্চিত শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করে দিনের আলোয় ভাগ করে নিচ্ছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *