বিনোদন ডেস্ক- ঢালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। ২০১৮ সালে সবাইকে তাক লাগিয়ে নিয়ে আসেন ‘পটাকা’ গান। গানের কথায়, সুরে আর নাচে নতুন কিছু উপহার দেন তিনি।
এর দুই বছর পর প্রকাশ পায় তার নতুন গান ‘আমি চাই থাকতে’। গানটি তিনি মাস্টার ডি কে সঙ্গে নিয়ে করেন। এই গানও চলে আসে আলোচনায়।
এবার তৃতীয় গান নিয়ে আসছেন ফারিয়া। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘কী হতে পারে বলুন তো’। এরপর হ্যাশট্যাগ দিয়ে লেখা ‘হাবিবি’।
১৫ সেকেন্ডের ভিডিওতে তেমন কিছু দেখা যায়নি। ভিডিওর উপরের ডানদিকে এসভিএফ মিউজিকের লোগো থেকে ধারণা করা হচ্ছে ‘হাবিবি’ নামের নতুন গান নিয়ে আসছেন ফারিয়া। তার আগের গানগুলোতেও যুক্ত ছিল এসভিএফ মিউজিক।
উল্লেখ্য, ইউটিউবে ফারিয়ার ‘পটাকা’ গানটির ভিউ রয়েছে প্রায় ১ কোটি। অন্যদিকে ‘আমি চাই থাকতে’ গানের ভিউর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি।
