Home দেশের খবর ভাই নয় শেষ পর্যন্ত বোনই হলেন নৌকার মাঝি

ভাই নয় শেষ পর্যন্ত বোনই হলেন নৌকার মাঝি

0
231
Elec. shahjadpur

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকার মনোনয়ন পেলেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা।

 

তবে তার সাথে জনপ্রিয়তায় ও মনোনয়ন দৌড়ে সমানতালে ছিলেন তারই ছোট ভাই বাংলাদেশ যুবলীগের সপ্তম সংগ্রেসের আহ্ববায়ক ও দুই বারের সাবেক এমপি চয়ন ইসলাম। শেষ পর্যন্ত ছোট ভাইকে পেছনে ফেলে শাহজাদপুরের নৌকার মাঝি হলেন মেরিনা জাহান কবিতা।

 

এই আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে আরো মনোনয়ন ফর্ম কিনেছিলেন বর্তমান প্রয়াত এমপি হাসিবুর রহমানের সহধর্মিনী ফাতেমা রহমান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, বাংলাদেশ যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফি, সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরু, প্রবীন আওয়ামীলীগ নেতা এ্যাডঃ আব্দুল হাই সহ মোট ১১ জন।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বিশিষ্ট ফোকলারবিদ প্রয়াত ড. মযহারুল ইসলামের সন্তান প্রফেসর মেরিনা জাহান কবিতা ও চয়ন ইসলাম।

 

স্থানীয় রাজনীতিতে চয়ন ইসলামের অবস্থান দীর্ঘদিনের হলেও প্রফেসর মেরিনা জাহান কবিতা বেশ কয়েক বছর যাবৎ জন্মস্থান সিরাজগঞ্জের শাহজাদপরের রাজনীতিতে সক্রিয় ভুমিকা পালন করছেন।

 

এদিকে মেরিনা জাহান কবিতা মনোনয়ন পাওয়ার খবরে তার কর্মী সমর্থকরা শাহজাদপুর পৌর শহরে আনন্দ মিছিলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার বোর্ডের বৈঠকে এই মনোনয়ন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

 

উল্লেখ্য, আগামী ২ নভেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১১ অক্টোবর, আপিল ১২-১৪ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর ও প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর।
এর আগে, সাবেক সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন গত ২ সেপ্টেম্বর মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

 

সিরাজগঞ্জ-৬ আসনটি শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত। এ আসন থেকে হাসিবুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন।

 

এদিকে সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন মো. মোক্তার হোসেন। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার শেষে তাকে মনোনয়ন দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here