ফেসবুকে পোস্ট দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের তানভির আলম তুষার নামে এক শিক্ষার্থী ফেসবুকে ‘আই কুয়িট ফর এভার’ পোস্ট দেওয়ার ১০ ঘন্টা পরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর মেট্রোপলিটন হারাগাছ থানা এলাকার সাহেবগঞ্জে নিজ বাড়িতে ওই শিক্ষাথী আত্মহত্যা করেন। তিনি ওই এলাকার মহসিন আলীর ছেলে।

 

পুলিশ জানিয়েছে, তানভির আলম তুষার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচ এবং অর্থনীতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তুষার বিদ্যুতের মাল্টিপ্লাগের তার গলায় পেঁচিয়ে নিজেদের টিনের ঘরের কাঠের সাথে ঝুলে আত্মহত্যা করেন। পরে স্বজনরা এ অবস্থা দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

 

হারাগাছ থানার ওসি শওকত আলী সরকার জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণের টাকা খরচ করে ফেলায় অভিভাবকের সাথে তার মনোমালিন্য হয়। এ ঘটনায় অভিমান করে তুষার আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে লাশ হস্তান্তর এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন বলেন, এখন পর্যন্ত আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তুষার মেধাবী এবং সবার প্রিয় ছিলো। তার এভাবে চলে যাওয়া কোনভাবেই মেনে নিতে পারছিনা। আত্মহত্যার পূর্বে তানভির আলম তুষার দুশ্চিন্তায় ছিলেন, ফেসবুকে তার পোস্ট দেখে এমনটাই বুঝা যায়।

 

বুধবার রাত একটার পরে নিজের ফেসবুক প্রোফাইলে ‘আই কুয়িট ফর এভার’ পোস্ট দেন। বৃহস্পতিবার দুপুরে আত্মহত্যা করেন তিনি। তুষারের মৃত্যুতে অর্থনীতি বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *