স্পোর্টস আপডেট ডেস্ক- টানা চতুর্থ বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন নাজমুল হাসান পাপন। বুধবার বোর্ড নির্বাচনে পরিচালক পদে সর্বোচ্চ ভোট পান তিনি।
বৃহস্পতিবার নতুন নির্বাচিত পরিচালনা পর্ষদের ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারও সভাপতির পদে বসছেন পাপন। আনুষ্ঠানিক ঘোষণা আসবে সন্ধ্যায়।
নতুন নির্বাচিত পরিচালকদের সভা চলছে এই মুহূর্তে মিরপুরের বিসিবি কার্যালয়ে। সেখান থেকেই বিসিবির এক পরিচালক নাজমুল হাসানের সভাপতি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, ‘পুনরায় পাপন ভাই সভাপতি নির্বাচত হয়েছে। তার কোন প্রতিদ্বন্দ্বী ছিল না। দুপুর আড়াইটার দিকে বৈঠকে পাপন ভাইকে সভাপতি চূড়ান্ত করা হয়।’ তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বোর্ড সভা শেষে চূড়ান্তভাবে জানানো হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি আগে সরকার থেকে মনোনীত হতো। নাজমুল হাসান পাপন ২০১২ সালে প্রথমে সরকার কর্তৃক মনোনীত সভাপতি ছিলেন। ২০১৩ সাল থেকে বিসিবি সভাপতি পদটি নির্বাচনের মাধ্যমে বেছে নেওয়া হয়। ২০১৩ ও ২০১৭ সালে দুই মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন।
এবার বিসিবি নির্বাচন হয়েছে ৩ ক্যাটাগরিতে। বিভাগ, ক্লাব ও সংস্থা ক্যাটাগরিতে ভোট দিয়েছেন ভোটাররা। সশরীরে ভোট দিয়েছেন ৫৮ জন। পোস্টাল আর ই-ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৩ জন।
এবারের নির্বাচনে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়েছেন সদ্য সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। এই বিভাগে ৫৭ ভোটের মধ্যে ভোট পড়েছে ৫৩টি। সর্বনিম্ন ২টি ভোট পেয়েছেন খালেদ মাসুদ পাইলট। রাজশাহী বিভাগে তিনি যেখানে লড়ছেন সেখানে ভোটার সংখ্যা ছিল সর্বোচ্চ ৯ জন।
