নাসির-তামিমার বিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন রাকিবের আইনজীবী

নজর২৪, ঢাকা- ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি এবং তাম্মির মা সুমি আক্তারের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।

 

এর আগে, নাসির ও তামিমার বিয়ে অবৈধ বলে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন এ সংক্রান্ত মামলার বাদী ও তামিমার সাবেক স্বামী রাকিব।

 

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এ বিষয়ে রাকিব হাসানের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান গণমাধ্যমকে বলেন, তামিমা যদিও দাবি করেন যে রাকিবকে ডিভোর্স দিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি কোন ডিভোর্সের কাগজ সঠিক আইনি প্রক্রিয়া মেনে রাকিবকে দিতে পারেননি। তিনি এখনও রাকিব হাসানের বিবাহিতা স্ত্রী। বিষয়টি নিয়ে কোর্টে মামলা করার পর কোর্ট পিবিআইকে তদন্তের নির্দেশ প্রদান করেন।

 

পিবিআই ২০১৬ সাল থেকে আজকের দিন পর্যন্ত বিভিন্ন বিষয়ে তদন্ত চালায়। সেই সময় থেকে তারা (তামিমা ও রাকিব) স্বামী স্ত্রীর পরিচয়ে কোন কোন হোটেলে ছিলেন, কোথায় কোথায় গেছেন সেই সকল বিষয় তদন্তে উঠে আসে। সেইসাথে পিবিআই প্রতিটি হোটেলের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করে অসংখ্য তথ্য প্রমাণ আজ কোর্টে দাখিল করেছেন বলেও জানায় রাকিবের আইনজীবী।

 

অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, ওনি (তামিমা) যে রাকিবের স্ত্রী তাই নন, নাসিরের সাথে তামিমার বিয়েটা সম্পূর্ন অবৈধ।কারণ বর্তমান স্বামী থাকা অবস্থায় কোন মেয়েকে স্বামী হিসেবে নেয়া সম্ভব না।উপরন্তু ওনারা যে কাগজ দেখিয়েছেন এবং ডাক বিভাগের যে স্মারক দেখিয়েছেন সেগুলো জাল-জালিয়াতির মাধ্যমে করেছেন। এ বিষয়টিও পিবিআইয়ের তদন্তে উঠে এসেছে এবং ডাক বিভাগও জানিয়েছেন এই স্মারক নাম্বারে কোন ধরনের লেটার সঠিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাকিব হাসানকে প্রদান করা হয়নি।

 

পিবিআই তিনজনকে আসামি করে আজ বৃহস্পতিবার আদালতে রিপোর্ট দাখিল করেছেন। মামলায় জাল জালিয়াতি, ব্যাভিচার ও রাকিবকে মানহানির অভিযোগে এক নাম্বার আসামি করা হয়েছে তামিমা সুলতানাকে। অন্যের স্ত্রীকে যেনেশুনে বিয়ে করার অভিযোগে দ্বিতীয় আসামি করা হয়েছে নাসির হোসেনকে। আর জাল জালিয়াতির প্রক্রিয়ায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ‍তৃতীয় আসামি করা হয়েছে তামিমা সুলতানার মা সুমি আক্তারকে।

 

ইশরাত হাসান বলেন, তাদের বিরুদ্ধে জাল জালিয়াতিসহ সমস্ত অপরাধ প্রমাণিত হওয়ায় ওয়ারেন্ট ইস্যুর আবেদন করা হয়েছে আদালতে।

 

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির ও তামিমার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে তা রাকিবের নজরে আসে এবং তিনি মামলা করেন।

 

অভিযোগে বলা হয়, রাকিবের সঙ্গে বিয়ের সম্পর্ক থাকাকালীন নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তামিমা। ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে যা সম্পূর্ণ অবৈধ। এতে বাদি ও তার শিশুকন্যা মানসিকভাবে বিপর্যস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *