এবার মায়ের চরিত্রে অভিনয় করবেন পরীমণি!

বিনোদন ডেস্ক- দেশের শীর্ষ নাট্যনির্মাতাদের একজন অরণ্য আনোয়ার। ‘আমাদের নুরুলহুদা’র মতো অসংখ্য সিরিজ ও একক নাটক নির্মাণ করেছেন তিন দশকের ক্যারিয়ারে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাবেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। এতে নাম ভূমিকায় যুক্ত হলেন পরীমণি।

 

সিনেমার নাম ‘মা’। একটি মর্মান্তিক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন অরণ্য আনোয়ার নিজেই। তিনি জানান, ১৯৭১ সালে মৃত ঘোষিত সাতমাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই উঠে আসবে এতে। আর সেই মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই সময়ের সেরা চিত্রনায়িকা পরীমণি।

 

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে পরীমণি লিখিতভাবে চুক্তিবদ্ধ হয়েছেন এই সিনেমায়। তবে এ বছর তার কোনো শিডিউল ফাঁকা নেই। তাই আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির কাজ শুরু হবে বলে জানা গেছে।

 

নতুন এই সিনেমায় যুক্ত হয়ে উচ্ছ্বসিত পরীমণি বলেন, ‘এমন চরিত্রে আমি আর কাজ করিনি। আমার তো মা নেই। এবার সেই মায়ের চরিত্রেই অভিনয় করবো। আশা করছি, নিজেকে ভাঙতে পারবো।’

 

অন্যদিকে নির্মাতা অরণ্য আনোয়ার জানালেন, মায়ের চরিত্রে অভিনয়ের জন্য পরীমণি রাজি হবেন কিনা, সেটা নিয়ে দ্বিধায় ছিলেন। তবে গল্প শুনে পরী মুগ্ধ হয়েছেন এবং সানন্দে রাজি হয়েছেন।

 

‘মা’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। পরীমণি ছাড়া আর কে কে থাকছেন এই সিনেমায়, সেটা শিগগিরই প্রকাশ্যে আনা হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *