তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের কালিহাতীতে ৫ সদস্যের পরিবারের ৪ জন প্রতিবন্ধী নিয়ে নজর২৪সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর জেলা প্রশাসকের নির্দেশে দুইজনের নামে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন।
কালিহাতী উপজেলা বীরবাসিন্দা ইউনিয়নের চেয়ারম্যান ছোরহাব আলী বলেন, এতদিন তারা বয়স্ক বা প্রতিবন্ধী ভাতার আওতার বাইরে ছিল। সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে ঐ পরিবারের দুই জনের নামে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেয়া হয়েছে। এছাড়া বৃদ্ধ দীনেশ সূত্রধরকে বয়স্ক ভাতা দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, বর্তমানে ওই পরিবারের তিন প্রতিবন্ধি সদস্যদের মধ্যে দীনেশ সূত্রধরের স্ত্রী পারুল সূত্রধর ও মেয়ে দীপা সূত্রধরের নামে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেয়া হয়েছে। এছাড়া বৃদ্ধ দীনেশ সূত্রধরের নামে বয়স্ক ভাতার কার্ড করার প্রক্রিয়াধীণ রয়েছে। এছাড়া জেলা প্রশাসক মহোদয় ওই পরিবারটিকে আর্থিক সহায়তা দিয়েছেন।
তিনি আরো বলেন, তারা এই এলাকায় নতুন। তাদের ভোটার আইডি কার্ডে ঠিকানা টাঙ্গাইলের করোটিয়া ছিল তাই কালিহাতীতে তাদের ভাতার কার্ড দেয়া সম্ভব হয়নি। পরবর্তীতে আইডি কার্ড সংশোধনের কথা বলা হয়েছিল তাদের। এতে তাদের সরকারি ভাতা পেতে দেরি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা বলেন, দীনেশ সূত্রধরকে ভূমিহীন হিসেবে একটি আবেদন করতে বলা হয়েছে। আবেদন পেলে তদন্তপূর্বক তাকে জায়গাসহ সরকারি ঘর করে দেয়া হবে।
