এবার ইভ্যালির রাসেলের বিরুদ্ধে চেক জালিয়াতি মামলা

নজর২৪, যশোর- গ্রাহকদের অর্থ আত্মসাতের মামলায় পুলিশের রিমান্ডে থাকা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলের নামে যশোরে এবার চেক জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ (চৌগাছা অঞ্চল)-এর আদালতে এ মামলা করা হয়। মামলার বাদী চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে তরফদার মো. মোশাহেদুর রহমান।

 

মামলার অভিযোগে বলা হয়েছে, ইভ্যালির এমডি পণ্য দেওয়ার কথা বলে টাকা নিয়ে পণ্য না দেওয়ায় পরবর্তীতে ২৫ জুলাই তরফদার মো. মোশাহেদুর রহমানকে ন্যাশনাল ব্যাংকের এক লাখ ৭৭ হাজার টাকার চেক প্রদান করেন। ব্যাংক একাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়।

 

মামলার আইনজীবী জয়নাল আবেদীন জানান, আদালত ১৩৮/১৪০ ধারা অপরাধ আমলে নিয়ে মামলটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারি করে। আগামী ৩ নভেম্বর আসামি সশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

 

আরিফ বাকের নামে এক গ্রাহক গত ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রতারণার মামলা করার পর সেদিনই মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

 

পরদিন পুলিশ তাদের আদালতে হাজির করলে ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম তিন দিনের রিমান্ডে নিয়ে ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

 

রাসেল ও শামীমা রিমান্ডে থাকা অবস্থায় ধানমণ্ডি থানায় তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা করেন কামরুল ইসলাম চকদার নামের এক গ্রাহক। সেই মামলাতে মঙ্গলবার রাসেলকে নতুন করে ১ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

 

তবে তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *