নজর২৪ ডেস্ক- পুলিশের উপপরিদর্শক সুমাইয়া বেগম লাকীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ এবং চাচার বাসার ঠিকানা দিয়ে চাকরি নেন বলে জানা গেছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিতে কর্মরত ওই কর্মকর্তা বর্তমানে সাসপেন্ড অবস্থায় রয়েছেন।
মোহাম্মদ আলী নামে একজন বীর মুক্তিযোদ্ধা অভিযোগ করেছেন, লাকী যে প্রতারণা করে চাকরি নিয়েছেন, সে তথ্যপ্রমাণ তার কাছে রয়েছে। বিষয়টি জানিয়ে পুলিশ সদরদপ্তরসহ বিভিন্ন দপ্তরে তিনি আবেদনও করেছেন। তবে লাকীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
সিআইডির একজন কর্মকর্তা বলেন, উপপরিদর্শক লাকী বর্তমানে সাসপেন্ড অবস্থায় রয়েছেন। তার বিরুদ্ধে প্রতারণার যেসব অভিযোগ উঠেছে তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
সংশ্নিষ্ট সূত্র জানায়, লাকীর স্বামী ওবায়দুল কবির সুমন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক। তবে দাম্পত্য কলহের কারণে তাদের সংসার টেকেনি। উভয় পরস্পরের বিরুদ্ধে মামলা করলে বর্তমানে দুইজনই সাসপেন্ড অবস্থায় রয়েছেন।
