Home কৃষি, অর্থ ও বাণিজ্য অবশেষে ইভ্যালি ছাড়লেন আরিফ আর হোসাইন

অবশেষে ইভ্যালি ছাড়লেন আরিফ আর হোসাইন

0
276

নজর২৪ ডেস্ক- দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে আর নেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আরিফ আর হোসাইন। তিনি প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

 

সোমবার (৩০ আগস্ট) রাতে তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

 

ইভ্যালির বর্তমান ইস্যুতে ভুক্তভোগী জনসাধারণের জন্য একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে তার ব্যক্তিগত মতামত জানতে চাইলে তিনি ইভ্যালির সাথে আর নেই বলে জানান। তিনি বলেন, যেহেতু এই মুহুর্তে আমি ইভ্যালিতে নেই, তাই ইভ্যালি নিয়ে করা মন্তব্য ভুল হতে পারে।

 

আরিফ আর হোসাইন জানান, তিনি এপ্রিল মাসে প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) হিসেবে যোগ দেন। যেখানে মে মাস পর্যন্ত তিনি তার দায়িত্বে ছিলেন। তার হিসেব মতে জুন মাস থেকে তিনি ইভ্যালি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। আরিফ আর হোসাইন নিজেই এই চাকরী ছেড়েছেন বলে নিশ্চিত করেছেন। তবে কেন সে বিষয়ে তিনি কিছু বলেন নি।

 

সামাজিক মাধ্যম ফেসবুকে প্রায় পৌনে ৫ লাখ ফলোয়ার সংবলিত এই আরিফ আর হোসাইনের পুরো নাম শাহ্ মোহাম্মদ আরিফ রেজা হোসাইন। ফেসবুকে তিনি Arif R Hossain নামে পরিচিত। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এই ব্যক্তি ১৯৯৭ সালে ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং ১৯৯৯ সালে নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।

 

এরপর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্যে পাড়ি জমান ইংল্যান্ডের অক্সফোর্ড ব্রুক্স ইউনিভার্সিটিতে। সেখান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে দেশে ফিরে আসেন ২০০৬ সালে। এরপর তিনি পারিবারিক রিয়েল এস্টেটের ব্যবসায় যোগদান করেন এবং বর্তমান অব্দি সেখানেই দক্ষতার নিদর্শন দিয়ে কর্মরত রয়েছেন।

 

এদিকে সম্প্রতি ইভ্যালি তার কর্মকর্তাদেরকে অন্য কোন জায়গায় ভাল চাকরি খুঁজতে বলেছেন। অনেককে বেতন না দিয়ে চাকরি থেকে বিদায় করে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

 

অন্যদিকে দিন যত যাচ্ছে নানা কাণ্ডে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অবস্থা ততই খারাপ হচ্ছে। সরকারি নানা মহলের তদন্ত কমিটি, গ্রাহকদের সময়মত পণ্য দিতে না পারায় প্রতিষ্ঠানটি থেকে দিনে দিনে গ্রাহকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন।

 

প্রসঙ্গত, ২০১৮ সালে যাত্রা শুরু ইভ্যালি। শুরুর পর থেকেই গ্রাহকদের আকৃষ্ট করতে দেওয়া হয় একের পর এক আকর্ষণীয় অফার। ইভ্যালির এমন অবিশ্বাস্য অফার নিয়ে শুরুতে ব্যাপক সমালোচনা হয়। সমালোচনা থাকলেও গ্রাহকরা সেই অবিশ্বাস্য অফারে ঝুঁকে পড়ে। তড়িৎ গতিতে বাড়তে থাকে প্রতিষ্ঠানটির ব্যবসায়ীক কার্যক্রম। বাইক, ফ্রিজ, ফার্নিচারসহ যাবতীয় সব পণ্যে মূল্য ছাড়ের ছড়াছড়ি চলে ইভ্যালিতে। গ্রাহকরাও এমন মূল্য ছাড়ে হুমড়ি খেয়ে পড়ে। শুরুতে রমরমা ব্যবসা করে ইভ্যালি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here