বিনোদন ডেস্ক- প্রায় এক মাস আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি জানিয়েছিলেন, আবারও বিয়ে করতে যাচ্ছেন তিনি। আগামী সেপ্টেম্বর মাসেই বধূ সাজবেন তিনি। তবে কাকে বিয়ে করছেন এ বিষয়ে তখন মুখ খোলেননি তিনি। বলেছেন, পাত্র কে সেটা আপাতত জানাতে চাই না। অনুষ্ঠান করেই সবাইকে জানাবো।
কিন্তু ন্যান্সি না বললেও খোঁজ নিয়ে জানা গেছে কাকে বিয়ে করতে চলেছেন এ গায়িকা। পাত্রের নাম মোহসিন মেহেদী। একজন গীতিকবি তিনি। অডিও ও ইউটিউব চ্যানেল অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত আছেন।
পাত্রের পরিচয় জানার পর ন্যান্সির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা আংটি বদল করেছি। ইচ্ছে ছিল পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটা অনুষ্ঠান করে বিয়ের আনুষ্ঠানিকতা সারবো। কিন্তু করোনার কারণে মনে হয় না অনুষ্ঠান করতে পারবো। এখন প্ল্যান হচ্ছে একদিন হুট করেই হয়তো বিয়ে করে ফেলবো। ’
মোহসিন মেহেদী সঙ্গে বিয়ের বিষয়টি একেবারেই পারিবারিকভাবে হচ্ছে বলে জানান ন্যান্সি। তাদের বিয়ের মধ্যস্থতা করছেন অনুপম মিউজিকের সিইও আনোয়ার হোসেন।
এরই মধ্যে ন্যান্সি ও মোহসিন ফেসবুকে তাদের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘গট এনগেজড’ দিয়েছেন। কমেন্টে শুভাকাঙ্ক্ষীরা তাদেরকে শুভকামনায় ভাসাচ্ছেন।
জানা গেছে, গানের সুবাদে মোহসিন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয় আগে থেকেই ছিল। গত বছর মোহসিনের লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়।
ন্যান্সি বলেন, ‘এক বছর আগে মোহসিনের কথায় গান করেছি, কিন্তু এটা ভাবার কারণ নাই যে তার সঙ্গে আগে থেকেই আমার সম্পর্ক ছিল। মূলত আমার আর তার বিয়ের উদ্যোগটি আনোয়ার ভাই নিয়েছেন। এখন পারিবারিকভাবেই সব হচ্ছে।
নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রোদেলা। ন্যান্সী পরবর্তীতে নাজিমুজ্জামান জায়েদকে ২০১৩ সালের ৪ মার্চ বিয়ে করেন। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করছেন এবং ব্যবসার সঙ্গেও জড়িত।
আর গীতকবি মোহসিন মেহেদীর দ্বিতীয় বিয়ে। তার প্রথম ঘরে দুই সন্তান রয়েছে।
