নজর২৪, ঢাকা- রাজধানীর বনানী থানায় দায়ের হওয়া মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুনানি শেষে পরীমণিকে কড়া নিরাপত্তায় এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এসময় হঠাৎ আদালতের হাজতখানার গেটের সামনে পরীমণি পড়ে যায়। এরপর তড়িঘড়ি করে তাকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) ১২টা ২১ মিনিটে সিএমএম কোর্টের হাজত খানার সামনে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, আদালতের এজলাস থেকে নিচে নামিয়ে আনার পর পরীমণিকে ঘিরে ধরে উৎসুক জনতা ও গণমাধ্যম কর্মীরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা নারী ও পুরুষ পুলিশ সদস্যরা তাকে আদালতের হাজতখানার দিকে নিয়ে যেতে থাকেন।
হাজতখানার গেটের সামনে অধিক ভিড় থাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় তাদের মাঝখানে দাঁড়িয়ে থাকা পরীমণি মাটিতে পরে যান। পরে যাওয়ার সঙ্গে সঙ্গে পরীমণিকে চিৎকার দিতেও শোনা যায়।
আরও দেখা যায়, পুলিশ সদস্যরা পরীমণিকে দ্রুত মাটি থেকে তুলে ধরা ধরি করে হাজত খানার ভেতরে প্রবেশ করেন। এ সময় পরীমণি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। হাজতখানার ভেতরে প্রবেশ করানোর পর পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত মূল ফটক বন্ধ করে দেয়।
এর আগে আজ সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে পরী মণিকে হাজির করা হয়। গতকাল পরী মণিকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এর আগে গত শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে পরী মণিকে সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।
