অবশেষে মুখ খুললেন আসিফ নজরুল, দিলেন আগের স্ট্যাটাসের ব্যাখ্যা

নজর২৪, ঢাকা- ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে।’ ড. আসিফ নজরুলের এক লাইনের এই ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

 

মঙ্গলবার ওই স্ট্যাটাসের পর বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন একটি স্ট্যাটাস দিয়ে আগের স্ট্যাটাসের ব্যাখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

 

এতে তিনি লিখেছেন, আমার একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কোনো কোনো মহল থেকে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে, আমি তাতে বিস্মিত ও মর্মাহত। আমার স্ট্যাটাসে কাউকে উল্লেখ করে কিছু বলা হয়নি। এখানে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা বলা হয়েছে। সুষ্ঠু নির্বাচনে বিজয়ী সরকার দৃঢ়ভাবে দুনীতিবাজ, সন্ত্রাসী ও জঙ্গীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলে এ ধরনের মানুষের মধ্যে ভীতি তৈরি হয়। এমন একটা কথা সম্ভাবনা হিসেবে আমার স্ট্যাটাসে বলার চেষ্টা করা হয়েছে।

 

এতে তিনি আরো লিখেছেন, আমি মনে করি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার সাথে উগ্রবাদ বা মৌলবাদকে উৎসাহিত করার কোনো সম্পক নেই। উগ্রবাদী ও মৌলবাদীরা বরং সুষ্ঠু নির্বাচনের প্রতিপক্ষ হয়। আশা করি আমার বক্তব্য নিয়ে ভুল বুঝাবুঝির অবসান হবে।

 

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে বিচারের দাবিতে তার বিভাগীয় কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

 

বুধবার (১৮ আগস্ট) সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি শেষে দুপুর দেড়টায় সংগঠনের নেতা-কর্মীরা ওই কক্ষে তালা দিয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, অধ্যাপক আসিফ নজরুলের কক্ষে অতিরিক্ত দুটি তালা ঝুলছে এবং তার কক্ষের দরজায় ও দেয়ালে ‘জামায়াত-শিবিরের এজেন্ট আসিফ নজরুলের বিচার চাই!’, ‘আইএসআই ’র পেইড এজেন্ট আসিফ নজরুলের বিচার চাই!’,‘দেশদ্রোহী আসিফ নজরুলের বিচার চাই!, ‘জঙ্গিবাদের মদদদাতা আসিফ নজরুলের বিচার চাই! ‘,’তালেবানদের দালাল আসিফ নজরুলের বিচার চাই!’-লেখা পোস্টার লাগানো রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *