ঢাবি অধ্যাপক আসিফ নজরুলের কক্ষে তালা দিলো ছাত্রলীগ

নজর২৪ ডেস্ক- সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে বিচারের দাবিতে তার বিভাগীয় কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

 

বুধবার (১৮ আগস্ট) সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি শেষে দুপুর দেড়টায় সংগঠনের নেতা-কর্মীরা ওই কক্ষে তালা দিয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, অধ্যাপক আসিফ নজরুলের কক্ষে অতিরিক্ত দুটি তালা ঝুলছে এবং তার কক্ষের দরজায় ও দেয়ালে ‘জামায়াত-শিবিরের এজেন্ট আসিফ নজরুলের বিচার চাই!’, ‘আইএসআই ’র পেইড এজেন্ট আসিফ নজরুলের বিচার চাই!’,‘দেশদ্রোহী আসিফ নজরুলের বিচার চাই!, ‘জঙ্গিবাদের মদদদাতা আসিফ নজরুলের বিচার চাই! ‘,’তালেবানদের দালাল আসিফ নজরুলের বিচার চাই!’-লেখা পোস্টার লাগানো রয়েছে।

 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘আসিফ নজরুল জঙ্গিবাদের পক্ষে, রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তার অফিসে তালা দিয়েছে বলে শুনেছি। ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের দাবিতে সংহতি জানিয়েছে। আমরা আশা করছি, তিনি যে বক্তব্য দিয়েছেন, অবিলম্বে তা প্রত্যাহার করে জাতির সামনে ক্ষমা চাইবেন।’

 

এ বিষয়ে অধ্যাপক আসিফ নজরুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, কে বা কারা তালা দিয়েছেন তিনি সে বিষয়ে কিছুই জানেন না।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.কে.এম গোলাম রব্বানী বলেন,‘বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

 

উল্লেখ্য, গত ১৬ আগস্ট অধ্যাপক আসিফ নজরুল তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে।’ লিখে পোস্ট দেন।

 

তার স্ট্যাটাসটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকে তার এই বক্তব্যকে রাষ্ট্রবিরোধী হিসেবেও আখ্যা দিয়েছেন। আবার কেউ বলছেন, এ ধরনের স্ট্যাটাস দিয়ে জঙ্গিবাদকে উসকে দিচ্ছেন আসিফ নজরুল।

 

আসিফ নজরুলের এমন স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুর আলম তার ফেসবুকে লিখেছেন, ‘শিক্ষকদের কখনও বাজেভাবে বলি না, কিন্তু একটা প্রশ্ন শিক্ষক নামধারী সাম্প্রদায়িক লম্পট আসিফ নজরুলকে ধমক দেয়ার মতো একজন সিনিয়র শিক্ষকও কি নাই? যদি না থাকে তাহলে আসিফ নজরুলকে রাষ্ট্রবিরোধী মন্তব্যের কারণে গ্রেপ্তার করা হোক।’

 

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী লিখেছেন, ‘জঙ্গিবাদের উসকানিদাতা হেফাজতের ঘেটু আসিফ নজরুলকে দেশবিরোধী মন্তব্যের জন্য গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

 

আসিফ নজরুলের সেই পোস্টে মিজানুর রহমান মুন্না নামের এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্যের ঘরে লিখেছেন, ‘আওয়ামী লীগ সরকার এত বছর ক্ষমতায়। কই আপনার তো কিছুই হয়নি। আওয়ামী লীগ যদি এতই প্রভাব দেখাইতো আপনি ফেসবুকে উন্মুক্ত সমালোচনা করতে পারতেন না, বা বিরোধী কিছু লিখতে পারতেন না।

 

‘আপনারা হলেন সুযোগ সন্ধানী। যখন যে টপিক আসবে সেখানে কিছু মরিচ, মসলা, তৈল দিয়ে মাঝখানে আওয়ামী লীগ নামটি উল্লেখ করে দেবেন, যাতে শেয়ার লাইক কমেন্ট বেশি হয়। দেশ ছেড়ে পালানোর কেউ নেই আওয়ামী লীগে। পালিয়ে বেড়াচ্ছে আপনার রাজনীতির গুরু তারেক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *