নজর২৪ ডেস্ক- ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণিকে আবারো রিমান্ডে নেয়া হতে পারে। দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড গতকাল বৃহস্পতিবার শেষ হয়। আজ শুক্রবার তাকে আদালতে হাজির করা হতে পারে। খবর- নয়া দিগন্তের
মামলার তদন্ত সংশ্লিষ্ট সিআইডি সূত্র জানায়, পরীমণি দ্বিতীয় দফা রিমান্ডের জিজ্ঞাসাবাদে দেয়া বেশ কিছু তথ্যে গরমিল রয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এজন্য আবারো তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করা হবে।
সূত্র জানায়, পরীমণির আর্থিক বিষয়গুলোর ওপর বিশেষ করে জোর দেয়া হচ্ছে। তার আয়ের উৎস অভিনয় ছাড়া আর কী কী সেগুলো জানার চেষ্টা চলছে। কোটি কোটি টাকা দামের গাড়ির উৎস সম্পর্কে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরো জানতে তাকে রিমান্ডে নেয়া দরকার।
সূত্র জানায়, দুই দফা রিমান্ডে পরীমণি বেশ কিছু তথ্য দিয়েছেন। মদ খাওয়া, বাসায় মদের আসর বসানো এবং বাসায় মদের মিনি বার দেয়ার বিষয়ে তথ্য দিয়েছেন পরীমণি। তার বাসায় কারা কারা যেতেন, সেসব বিষয়ও বলেছেন। তবে তদন্তের স্বার্থে যাতায়াতকারীদের নাম প্রকাশ করবে না বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।
গ্রেফতারের পর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় পরীমণিকে প্রথমে চার দিনের রিমান্ডে নেয়া হয়। প্রথমে ডিবি এই মামলায় পরীমণিকে জিজ্ঞাসাবাদ শুরু করলেও পরে তদন্তের দায়িত্ব পায় সিআইডি। চার দিনের রিমান্ড শেষে ১০ আগস্ট সিআইডি পরীমণিকে আদালতে হাজির করে আবারো পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। এতে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও দুই দিন রিমান্ড মঞ্জুর করা হয়।
গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে গ্রেফতার হন পরীমণি। র্যাবের দাবি, বিকেল থেকে রাত অবধি অভিযানকালে পরীমণির বনানীর বাসার শয়নকক্ষ থেকে ১৯টি বিদেশী মদের বোতল, বিভিন্ন ধরনের বিদেশী মদসহ দেড় শতাধিক বিদেশী মদের বোতল, ইয়াবা ও সিসা, এলএসডি ও আইস জব্দ করা হয়েছে।
একই রাতে প্রযোজক নজরুল ইসলাম রাজের বনানীর অফিস থেকে ৯৭০টি ইয়াবা জব্দ করা হয়। র্যাবের দাবি, কথিত ব্যবসায়ী শরফুল হাসান ওরফে মিশু হাসানের বসুন্ধরা এলাকার একটি ফ্ল্যাটের ওয়াড্রোব থেকে সাত হাজার ২০০টি ইয়াবা জব্দ হয়।
মামলায় বলা হয়, পরীমণি এসব মদ কবির নামে এক ব্যক্তির মাধ্যমে সংগ্রহ করে বাসায় রাখতেন। একই মামলায় র্যাব দাবি করেছে, পরীমণিকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তিনি প্রযোজক নজরুল ইসলাম রাজের কাছ থেকে মদ সংগ্রহ করতেন।
আরও পড়ুন-
আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে : পরীমণি
নজর২৪, ঢাকা- ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি বলেছেন, ‘আমার বিরুদ্ধে দায়ের করা সব মামলাই মিথ্যা। সাংবাদিক ভাইয়েরা আপনারা তদন্ত করেন। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।’
মঙ্গলবার (১০ আগস্ট) আদালতে শুনানি শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন পরীমনি।
এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে পরীমনিকে আবার রিমান্ডে পাঠিয়েছে আদালত।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পাঁচদিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুই দিনের রিমান্ড আদেশ দেন মুখ্য মহানগর দায়রা আদালতের হাকিম দেবব্রত বিশ্বাস।
পরীমনিকে দেখতে আদালত প্রাঙ্গণে শত শত মানুষের ভিড় জমিয়েছে। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। নিরাপত্তার স্বার্থে এজলাস থেকে বের করে দেয়া হয় সাংবাদিকদের।
পরীমনির সঙ্গে এজলাসে প্রবেশ করেন তার নানা শামছুল হক গাজী।
