পরী-সাকলায়েনের সেই ‘গোপন’ ভিডিও ধারণ করেন কে?

নজর২৪ ডেস্ক- চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের জন্মদিন উদযাপনের একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দুজনকে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।

 

প্রশ্ন উঠেছে ভিডিওটি ফাঁস হল কীভাবে। একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রথম আপলোড হয়। মুহূর্তেই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। এরপর শুরু হয় আলোচনা-সমালোচনা। কীভাবে এ ভিডিও ছড়িয়েছে, এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও প্রশ্ন দেখা দিয়েছে।

 

ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে প্রথম আপলোড করা হয়েছে, সেখানে ক্যাপশনে লেখা ছিল, ‘পরীমনি ও পুলিশ কর্মকর্তা সাকলায়েনের গোপন ভিডিও! সাকলায়েন পরীমণির সঙ্গে তার অবৈধ সম্পর্কের কথা অস্বীকার করলেও তাদের গোপন একটি ভিডিও আমাদের কাছে পাঠান নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন পুলিশ কর্মকর্তা।’

 

বলা হচ্ছে, ফাঁস হওয়া ভিডিওটি ঈদের পর পুলিশ কর্মকর্তা সাকলায়েনের বাসায় ধারণ করা। সেখানে পরীমনি, তার কস্টিউম ডিজাইনার জিমি এবং তার গাড়িচালক ছিলেন। জিমি ভিডিওটি ধারণ করেন। তবে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

 

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কর্মকর্তা জানান, এ ভিডিও পুলিশের হাতে আসার কথা না, যিনি ভিডিওটি ফাঁস করেছেন, তিনি দুপক্ষের পরিচিত কেউ।

 

ভিডিও ফাঁস করে দেওয়া সেই ব্যক্তি তাহলে কে? এ বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, ‘কীভাবে ভিডিওটি বাইরে গেছে, তা খতিয়ে দেখা হবে।’

 

এদিকে আজ দুপুরে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, গোলাম সাকলায়েন শিথিলকে গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে বদলি করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

তিনি বলেন, পুলিশ কর্মকর্তা সাকলায়েন পরীমনির কোনো মামলা তদারকির সঙ্গে জড়িত ছিলেন না। সঙ্গত কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কোনো সুযোগ নেই। তবে বাহিনীর শৃঙ্খলা ও নৈতিকতা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। একজন বিসিএস ক্যাডার অফিসার এ ধরনের অনৈতিক সম্পর্কে জড়াবে এটি কখনই প্রত্যাশিত নয়। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) থেকে নিবৃত করে নেয়া গোলাম সাকলায়েন শিথিল ও নায়িকা পরীমনির সম্পর্ক তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে পুলিশ সদরদফতর।

 

কমিটির নেতৃত্বে আছেন- পুলিশ সদরদফতরের অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং) মিয়া মাসুদ করিম। কমিটির বাকি দুই সদস্য হলেন- ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারের উপকমিশনার (ডিসি) হামিদা পারভীন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক) রুমানা আক্তার।

 

গত শনিবার (৭ আগস্ট) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিলকে ডিবির সব দায়িত্ব থেকে নিবৃত করা হয়। পরে তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে পদায়ন করা হয়।

 

পরীমনি গত জুন মাসে বোট ক্লাবে নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করার পর যে মামলা হয়েছিল, সেটির তদন্তকালে তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান গোলাম সাকলায়েন শিথিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *