আমার বিরুদ্ধে কী অভিযোগ জানি না: চয়নিকা চৌধুরী

নজর২৪, ঢাকা- নাট্য ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে।

 

পুলিশের গাড়িতে ওঠার পর চয়নিকা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তার মতে, কী কারণে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি সেটা জানেন না। চয়নিকার ভাষ্য, ‘আমার বিরুদ্ধে কী অভিযোগ, জানি না। আমাকে কিছুই বলেনি। নিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি।’

 

চয়নিকা আরও জানান, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এমনকি তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সেটাও তিনি জানেন না।

 

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার গণমাধ্যমকে বলেন, “যেহেতু পরীমনরি সঙ্গে তাকে প্রায়ই দেখা গেছে, সেজন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে এসেছি। তবে এখনও গ্রেপ্তার করা হয়নি।”

 

শুক্রবার বিকালে সময় টিভির সাক্ষাৎকারভিত্তিক একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সন্ধ্যায় ফিরছিলেন চয়নিকা চৌধুরী। সঙ্গে তার ছেলেও ছিলেন। তখনই গাড়িতে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

 

টেলিভিশনের ভিডিওতে দেখা যায়, চয়নিকা চৌধুরীর গাড়ি ঘিরে রেখেছে পুলিশ। পরে নারী পুলিশের একজন সদস্য গাড়ির সামনে চালকের পাশের আসনে থাকা চয়নিকার পাশে উঠে পড়েন। কিছুক্ষণ পর গাড়িটি চলে যায় ডিবি কার্যালয়ের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *