Home আলোচিত আর্জেন্টিনার জয়: পুলিশের নির্দেশনা অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল

আর্জেন্টিনার জয়: পুলিশের নির্দেশনা অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল

0
118

নজর২৪, ব্রাহ্মণবাড়িয়া- কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ব্রাজিলে অনুষ্ঠিত হলেও টানটান উত্তেজনা ছিল ব্রাহ্মণবাড়িয়ায়। উত্তেজনা থেকে যেন সংঘাত না সৃষ্টি হয়, সেজন্য সহস্রাধিক পুলিশ মোতায়েন করা হয় এ জেলায়।

 

তবে প্রিয় দল দীর্ঘ ২৮ বছর পর কোপার শিরোপা জেতায় বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল আর্জেন্টাইন সমর্থকদের মাঝে। আর তাই পুলিশের নির্দেশনা অমান্য করেই ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার শিরোপা জেতার আনন্দ মিছিল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।

 

রোববার (১১ জুলাই) সকাল ৮টার দিকে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল, পূর্বপাইকপাড়া ও কাজীপাড়া এলাকায় আর্জেন্টিনা সমর্থকরা আনন্দ মিছিল করেন। তবে পুলিশের ভয়ে কোনো মিছিলই শহরের প্রধান সড়কে করতে পারেনি সমর্থকরা। তবে খেলায় হারের পর ব্রাজিল সমর্থকদের কোনো তৎপরতা চোখে পড়েনি।

 

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতার আনন্দে ম্যাচ শেষ হওয়ার পর পরই ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দক্ষিণ মৌড়াইলের বৌবাজার মোড় থেকে ২০-২৫ জন আর্জেন্টাইন সমর্থক আনন্দ মিছিল বের করেন।

 

এ সময় মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে উল্লাস করতে থাকেন। তবে মিছিল শুরুর কয়েক মিনিটের মধ্যেই পুলিশ চলে আসায় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ ছাড়া শহরের পূর্বপাইকপাড়া ও কাজীপাড়ায়ও আনন্দ মিছিল করেন আর্জেন্টিনার সমর্থকরা।

 

এর আগে গত ৬ এপ্রিল দুই দলের সমর্থকদের মধ্যে হওয়া সংঘর্ষের পর আলোচনায় আসে ব্রাহ্মণবাড়িয়া। তাই ফাইনাল ম্যাচকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যাপক প্রস্তুতি ছিল পুলিশের। পাশাপাশি গত শনিবার সতর্কতামূলক মাইকিংও করা হয়েছিল।

 

আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, বড় স্ক্রিন, কোনো ক্লাবে কিংবা চায়ের দোকানে আয়োজন করে খেলা দেখা হয়নি। সবাই যার যার বাড়ি থেকে খেলা উপভোগ করেছে।

 

এর আগে শনিবার পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘যেন কোনো গোলযোগ না হয়, সে জন্য ১১৬টি বিটে চারজন করে কাজ করবে। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করব। তা ছাড়া ফাইনাল খেলার বিজয়কে কেন্দ্র করে রাস্তাঘাটে বিজয় মিছিল করা যাবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here